দেশের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে গত মঙ্গলবার থেকে মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন শ্রমিকরা। রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের ডাকে এ কর্মসূচি পালন করছেন তারা। কর্মসূচির তৃতীয় দিন গতকাল বৃহস্পতিবার খুলনার প্লাটিনাম জুবিলি জুট মিলের অনশনরত এক শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। গত তিন দিনে খুলনার ৯টি রাষ্ট্রায়ত্ত পাটকলে অনশন কর্মসূচিতে অংশ নেওয়া অন্তত ৩০০ শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। চট্টগ্রাম ও নরসিংদীতে অসুস্থ হয়েছেন ২২ জন শ্রমিক।
খুলনা অফিস জানায়, বৃহস্পতিবার খুলনায় পাটকল শ্রমিকদের আমরণ অনশন কর্মসূচির তৃতীয় দিনে আব্দুস সাত্তার (৪৫) নামে প্লাটিনাম জুবিলি জুট মিলের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। প্লাটিনাম জুবিলি জুট মিলের সিবিএ সভাপতি সাহানা শারমিন জানান, আমরণ অনশন চলাকালে গতকাল সকাল ১০টার দিকে জুট মিলের গেটের সামনে বিআইডিসি সড়কে শ্রমিক আব্দুস সাত্তার অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যা পৌনে ৬টার দিকে তিনি মারা যান। প্লাটিনাম জুবিলি জুট মিলের প্রকল্প কর্মকর্তা গোলাম রব্বানীও শ্রমিক আব্দুস সাত্তারের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।
এদিকে খুলনায় রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলে আমরণ অনশন কর্মসূচিতে অংশগ্রহণকারী শ্রমিকরা একে একে অসুস্থ হয়ে পড়ছেন। গত তিন দিনে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এদের অনেককে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ অনেকে অনশনস্থলে স্যালাইন নিচ্ছেন। শ্রমিক আব্দুস সাত্তারের মৃত্যুতে নগরীর খালিশপুর শিল্পাঞ্চলের শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাষ্ট্রায়ত্ত যে ৯টি পাটকলে শ্রমিকদের আমরণ অনশন কর্মসূচি চলছে সেগুলো হল : ক্রিসেন্ট জুট মিল, খালিশপুর জুট মিল, দৌলতপুর জুট মিল, প্লাটিনাম জুবিলি জুট মিল, স্টার জুট মিল, আলিম জুট মিল, ইস্টার্ন জুট মিল, কার্পেটিং জুট মিল ও জেজেআই জুট মিল।
চট্টগ্রামে অসুস্থ ১১ শ্রমিক
চট্টগ্রাম অফিস জানায়, চট্টগ্রামের আমিন জুট মিল গেটে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের লাগাতার আমরণ অনশন কর্মসূচির তৃতীয় দিন অতিবাহিত হয়েছে গতকাল বৃহস্পতিবার। গত দুদিনে অনশন কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিকদের মধ্যে ১১ জন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের জরুরি চিকিত্সা দেওয়ার ব্যবস্থা করা হয়। আর কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে স্যালাইনসহ অন্যান্য চিকিত্সা প্রদানের প্রস্তুতি রাখা হয়েছে। দেশের অন্যতম বৃহত্ পাটকল আমিন জুট মিলের প্রায় ৪ হাজার শ্রমিক-কর্মচারী ছাড়াও বাকি আটটি জুট মিলের শ্রমিক-কর্মচারীরা এই আমরণ অনশন কর্মসূচিতে সামিল হয়েছেন।
নরসিংদীতেও ১১ জন অসুস্থ
নরসিংদী প্রতিনিধি জানান, নরসিংদীতে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের আমরণ অনশন কর্মসূচির প্রথম তিন দিনে অসুস্থ হয়ে পড়েছেন ১১ জন শ্রমিক। তাদের মধ্যে পাঁচ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে শ্রমিকদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেছেন নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ।
