বেগম খালেদা জিয়ার জামিন শুনানির আগের দিন সুপ্রিম কোর্ট এলাকায় তিনটি মোটরসাইকেল পোড়ানোর ঘটনায় শাহবাগ থানায় দুটি মামলা করেছে পুলিশ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দুই মামলাতেই আসামি করা হয়েছে বলে জানিয়েছে শাহবাগ থানা পুলিশ। একটি মামলায় আসামির সংখ্যা ৭০ জন এবং অন্যটিতে ৬৫ জন। শাহবাগ থানার এসআই ছামসুল রহমান ও এসআই ইদ্রিস আলী বাদী হয়ে বুধবার রাতে মামলা দুটি দায়ের করেছেন বলে শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান।
পুলিশ জানায়, যে তিনটি মোটরসাইকেল পুড়ে গেছে, তার ইঞ্জিন নম্বর ও চেসিস নম্বর পুড়ে অস্পষ্ট হয়ে গেছে। এছাড়া নম্বর প্লেটগুলো আগুনে পুড়ে গলে গেছে। পুলিশ ধারণা করছে, খুব দ্রুত আগুন ধরানোর পেছনে দুর্বৃত্তরা গানপাউডার ব্যবহার করতে পারে। এজন্য কেমিক্যাল টেস্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার বিকাল পৌনে ৫টার দিকে জাতীয় ঈদগার দক্ষিণ-পূর্ব কোনে একটি, ঈদগার প্রধান ফটকের সামনে একটি ও বার কাউন্সিলের সামনে একটি মোটরসাইকেল জ্বলতে দেখা যায়।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন শুনানিকে কেন্দ্র করে সকাল থেকে সুপ্রিম কোর্ট এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাঁচ শতাধিক সদস্য মোতায়েন করা হয় সর্বোচ্চ আদালতের প্রতিটি প্রবেশপথে। আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির পর পরিচয়পত্র দেখে আইনজীবী, বিচারপ্রার্থী ও সাংবাদিকদের অনুমতি দেওয়া হয় সুপ্রিম কোর্টের ভেতরে ঢুকতে।
গতকাল বৃহস্পতিবার রায় ঘোষণার পরপরই রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক মিছিলে গ্রেফতারের ঘটনা ঘটে। জানা যায়, দুপুরে বাংলামোটরে বিএনপি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিছিলটি পুলিশি ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়। দুপুর দুইটার দিকে রাজধানীর বাংলামোটর এলাকায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল হয়। সংক্ষিপ্ত বক্তব্যে রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক হিংসাত্মক বক্তব্যের উদ্দেশই ছিল খালেদা জিয়াকে জামিন না দিতে বিচার বিভাগ এবং বিএসএমএমইউ কর্তৃপক্ষকে প্রভাবিত করা। এরপরও আমাদের বিশ্বাস ছিল, সরকারের সব নজরদারি ও হুমকি উপেক্ষা করে সর্বোচ্চ আদালত দেশনেত্রীকে জামিন দিয়ে ন্যায়বিচার নিশ্চিত করবেন। কিন্তু সর্বোচ্চ আদালতের আদেশে দেশের মানুষ হতাশ এবং বাকরুদ্ধ।
