খালেদা জিয়ার জামিন নিয়ে সরকারের কিছুই করার নেই :কাদের

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ২২:৫৫

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার আমলে বিচার বিভাগ পূর্ণ স্বাধীনতা ভোগ করছে। খালেদা জিয়ার মামলা দুর্নীতির মামলা। জামিন হবে কি না এটা আদালতের এখতিয়ার। এখানে সরকারের কিছুই করার নেই। রাজনৈতিক মামলা হলে সরকারের কাছে আবেদন করলে সরকার বিবেচনা      করতে পারত। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি আইন মানে না, আদালত মানে না। বিচারের রায় মানে না। আদালতের ওপর চাপ দিতে কোর্ট প্রাঙ্গণে হাঙ্গামা করে রণাঙ্গনে পরিণত করে। এই বিএনপির হাতে দেশ কি নিরাপদ থাকবে? বিএনপির রাজনীতি ভুলের চোরাবালিতে পরিণত হয়েছে। বিএনপি এখন পথ হারিয়ে দিশেহারা পথিকের মতো। বিএনপি দুর্বার আন্দোলন করে খালেদা জিয়াকে মু্ক্ত করতে চায়। বিএনপির আন্দোলনের হুমকিতে সরকার ভয় পায় না। এগারো বছর ধরে আন্দোলনের হাঁকডাক শোনা যাচ্ছে।

মন্ত্রী আরো বলেন, দেখেশুনে সব দুর্নীতিবাজকে গ্রেফতার করা হবে, কেউ বাদ যাবে না। আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের স্থান নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগে শেখ হাসিনা ছাড়া কেউ অপরিহার্য নয়। কেউ পদ-পদবিকে ব্যক্তিগত তালুক ভাববেন না। জমিদারি শেখ হাসিনার আমলে চলবে না। সুবিধাবাদীদের নিয়ে দল ভারী করবেন না। আওয়ামী লীগে অনেক নিবেদিতপ্রাণ কর্মী আছে, বাইরের লোক ভাড়া করার দরকার নেই। 

কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। বক্তব্য রাখেন কেদ্রীয় নেতা মীর্জা আজম, প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য এম এ মতিন। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল। সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী।

বিকালে কুড়িগ্রাম পৌর টাউন হলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সমঝোতার ভিত্তিতে সভাপতি পদে মো. জাফর আলী এবং সাধারণ সম্পাদক পদে আমান উদ্দিন আহমেদ মঞ্জুর নাম ঘোষণা করেন।