পাটকল শ্রমিকের আগে আমলাদের বেতন হলে বাংলাদেশ ব্যাংক ঘেরাও —মুজাহিদুল ইসলাম সেলিম

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ০০:২৯

সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, পাটকল শ্রমিকরা ১৫ সপ্তাহ ধরে মজুরি পাচ্ছেন না। যখন ব্যাংক লুট হয়, দেশ থেকে ৪ হাজার কোটি টাকা পাচার হয় তখন সরকারের মন্ত্রীরা বলেন, এই টাকা কিছুই না। এখন শ্রমিকের বকেয়া মজুরি পরিশোধের সময় সেই তুলনায় অতি সামান্য অর্থ জোগান দিতে তাদের সমস্যা হচ্ছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শ্রমিকের মজুরি পরিশোধ না করে মন্ত্রী-আমলাদের বেতন দেওয়া হলে বাংলাদেশ ব্যাংক ঘেরাও করা হবে। পাটকল শ্রমিকদের চলমান আমরণ অনশনের প্রতি সংহতি জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে সিপিবি। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনের সামনে সংহতি অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সিপিবি সভাপতি সেলিম আরো বলেন, সরকার সব কলকারখানা এবং পরিষেবা খাত বেসরকারিকরণের পাঁয়তারা চালাচ্ছে। এরই অংশ হিসেবে পাট শিল্পে ‘পাবলিক প্রাইভেট পার্টনারশিপ’ নামে সব পাটকলের স্থাবর-অস্থাবর সম্পত্তি লুটের বাজারে তোলার চক্রান্ত চলছে। মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে সংহতি অবস্থান কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল্লাহ ক্বাফী রতন, কোষাধ্যক্ষ মাহাবুব আলম, কেন্দ্রীয় সম্পাদক আহসান হাবীব লাবলু, রুহিন হোসেন প্রিন্স, জলি তালুকদার প্রমুখ।