ভারতের নাগরিকত্ব বিল উপমহাদেশে দ্বিজাতি তত্ত্বকে পুনর্বহাল করল ------------ওয়ার্কার্স পার্টি

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ০০:৩০

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে ভারতের পার্লামেন্টের উভয় কক্ষে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, এ পদক্ষেপ ভারতের অভ্যন্তরীণ বিষয় হলেও উপমহাদেশে তথা দক্ষিণ এশিয়ায় এর বিশেষ অভিঘাত রয়েছে। এই আইনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনায় ধর্মনিরপেক্ষতার ধারণাকে বাতিল করে অভিশপ্ত দ্বিজাতিতত্ত্বকে উপমহাদেশের রাজনীতিতে পুনর্বহাল করা হল। এটা কেবল ভারত, বাংলাদেশ, পাকিস্তান নয়; নেপাল ও শ্রীলঙ্কার ধর্মবাদী ও সাম্প্রদায়িক শক্তিকে উত্সাহিত করবে ও উসকে দেবে। বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় বড়ো ধরনের নিরাপত্তাহীনতার সম্মুখীন হবে।

ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে বলা হয় যে, ঐ বিল পাশ করতে গিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সম্পর্কে যে মন্তব্য করেছেন তা অযাচিত ও উদ্দেশ্যপ্রণোদিত। এটা সত্য যে সামরিক সরকারের আমলে বাংলাদেশে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ সংবিধানে সংযুক্তির মাধ্যমে ধর্মনিরপেক্ষতার নীতি বাতিল হয়েছিল। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে বাহাত্তরের সংবিধানের চার মূলনীতি প্রতিস্থাপনের মাধ্যমে তার আংশিক সংশোধন করা হয়েছে। ভারতের নাগরিকত্ব আইন পরিবর্তনের ক্ষেত্রে সেই অজুহাত উদ্দেশ্যপ্রণোদিত এবং বাংলাদেশের সাম্প্রদায়িকতা বিরোধী অবস্থানকে ক্ষুণ্ন করে। এর মধ্যে দিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক মৌলবাদী শক্তিকেই বরং উত্সাহ প্রদান করা হলো।

ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর বিবৃতিতে ভারতের এনআরসি সম্পর্কে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী এ বিষয়ে বাংলাদেশকে আশ্বস্ত করলেও তা যথেষ্ঠ নয়। কারণ এসব বিষয় যখন রাষ্ট্রীয় নীতি ও আইনি রূপ নেয় তখন যে কেউ যখন ইচ্ছা তার অসদ্ব্যবহার করতে পারে। এর ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে ভবিষ্যতে তাও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করা হয়। ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে ধর্মের ভিত্তিতে রচিত ভারতের নাগরিকত্ব আইনের সংশোধন ও এনআরসি সম্পর্কে বাংলাদেশের উদ্বেগের বিষয়ে ভারত সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ জানিয়েছে।