প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে ধর্মীয় নিপীড়ন ঘটছে না : ভারত

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ০১:১২

ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার বলেছেন, বাংলাদেশে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে কোনো ধর্মীয় নিপীড়ন ঘটছে না। তিনি বলেন, নয়াদিল্লি কখনোই এমন কথা বলেনি যে শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশে ধর্মীয় নিপীড়ন হচ্ছে। রাভিশ কুমার বলেন, নাগরিকত্ব বিলের বিরুদ্ধে উত্তর-পূর্ব রাজ্যে বিক্ষোভের কারণে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সফর বাতিল করা হয়নি। গতকাল বৃহস্পতিবার ভারতীয় মিডিয়া আউটলুক এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রাভিশ কুমার বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক খুবই শক্তিশালী। রাভিশ কুমারের এই বক্তব্য এমন সময়ে এলো যখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদের পূর্ব নির্ধারিত ভারত সফর বাতিল করেন। এর আগে পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেন বলেছিলেন, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের দৃষ্টান্ত নেই। যারা তাদেরকে (ভারত সরকার) এমন তথ্য দিয়েছে সেটা সঠিক নয়।

এ বিষয়ে রাভিশ কুমার বলেন, এক্ষেত্রে বোঝাপড়ায় ঘাটতি হয়েছে বলে মনে হচ্ছে। আমরা সুস্পষ্ট করে বলছি যে, বর্তমান সরকারের আমলে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নিপীড়নের ঘটনা ঘটেনি। বাংলাদেশে সামরিক সরকার ও বর্তমানের আগের সরকারের আমলে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন হয়েছে। তখন দেশটি থেকে অনেকে শরণার্থী হয়ে ভারতে এসেছেন। মুখপাত্র বলেন, আমরা স্বীকার করি এবং জানিও যে, বর্তমান সরকার তাদের সংবিধান অনুযায়ী ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও নিপীড়ন বন্ধে অনেক পদক্ষেপ নিয়েছে।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, বাংলাদেশে শেখ মুজিবুর রহমান সরকারের আমলেও সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেনি। তিনি বেগম খালেদা জিয়া নেতৃত্বাধীন বিএনপি সরকারের আমলে সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা ঘটেছিল বলে উল্লেখ করেন।