মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের জন্য গঠিত অভিযোগের অনুমোদনের অপেক্ষায় আছেন ডেমোক্র্যাটরা। গতকাল দু’টি অভিযোগ নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে বিতর্ক চলছিল। রাত একটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত বিচার বিভাগীয় কমিটিতে বিতর্ক চলছিল। প্রতিনিধি পরিষদ ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত হওয়ায় অভিযোগ দু’টি অনুমোদন পাবে বলে আশা করা হচ্ছে। অনুমোদিত হলে প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসনের জন্য আগামী সপ্তাহে প্রতিনিধি পরিষদে ভোটাভুটি অনুষ্ঠিত হবে। এরপর আগামী মাসে ভোটাভুটির জন্য সিনেটে পাঠানো হবে। সিনেটে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প অভিশংসিত হবেন না। দু’টি অভিযোগের একটি হচ্ছে ক্ষমতার অপব্যবহার এবং দ্বিতীয়তটি বিচার কাজে বাধা দান। - সিএনএন
