‘গল্পের উপস্থাপনে নতুনত্ব প্রয়োজন:ইমন

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ২০:১৩

 বিনোদন রিপোর্ট

 

সিনেমায় নিয়মিত ব্যস্ততা চলছে চিত্রনায়ক ইমনের। এই বছর তার মুক্তি পাওয়া ‘পাসওয়ার্ড’ সিনেমা দিয়ে বেশ আলোচনায় আসেন তিনি। এরইমধ্যে আরো একটি নতুন সিনেমার খবরে এলেন তিনি। ‘কানামাছি’ শিরোনামে নতুন একটি সিনেমায় অভিনয় করবেন ইমন।

নাট্য নির্মাতা অঞ্জন আইচ পরিচালিত এ সিনেমায় ইমনের বিপরীতে অভিনয় করবেন জাকিয়া বারি মম ও সূচনা আজাদ। গত ১০ ডিসেম্বর সিনেমাটিতে তারা চুক্তিবদ্ধ হয়েছেন ইমন।

 কমেডি ধাঁচের সিনেমা ‘কানামাছি’। কমেডি গল্পের মাধ্যমে সবাইকে ম্যাসেজ দিতে চান পরিচালক। সংলাপ ও চিত্রনাট্যের কাজ চলছে এখন। শিগগিরই শুটিং শুরু হবে। শুটিং হবে বাংলাদেশ ও নেপালে। ইমন বলেন, ‘সিনেমার গল্প শোনার পরই আমি রাজি হয়ে যাই। ছোটপর্দার একজন গুণী পরিচালক অঞ্জন আইচ। তার সিনেমা নিয়ে আমি বেশ আশাবদী ও আস্থা রাখি। সেজন্যই কাজ করতে চাওয়া। দর্শকদের টেস্ট তিনি ভালোই বুঝতে পারেন। আশা করি, চলচ্চিত্রটিও ভালো হবে।’

দেশের বর্তমান সিনেমার প্রেক্ষিতে এই সিনেমাটির মূল্যায়ন প্রসঙ্গে ইমন আরো বলেন, ‘যেহেতু এখনও কাজ শুরু করিনি, তাই সার্বিক বিষয়গুলো এখন বলা সম্ভব না। এখন পর্যন্ত একটা ভালো কিছু হওয়া নিয়েই কাজ শুরুর অপেক্ষায় আছি। আমাদের ভিন্ন গল্পের সিনেমা হচ্ছে এখন। কিন্তু গল্পের উপস্থাপনে নতুনত্ব প্রয়োজন। কারণ দর্শকরা এখন অনেক এগিয়ে। একটি পরিচিত গল্পও তারা খুব পরিচ্ছন্নভাবে দেখতে চায়।’