তথ্যপ্রযুক্তি ডেস্ক
বিশ্বব্যাপী তীব্র প্রতিযোগিতার মুখে পড়ছে অনলাইন ভিডিও স্ট্রিমিং সাইট নেটফ্লিক্স। অন্যান্য সাইটের উত্থানের জের ধরে জনপ্রিয় এ সাইটের গ্রাহক সংখ্যা কমে আসতে পারে। নিউ ইয়র্কভিত্তিক প্রতিষ্ঠান নিডহাম অ্যান্ড কোম্পানির এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছর নাগাদ শুধু যুক্তরাষ্ট্রেই নেটফ্লিক্সের গ্রাহক কমতে পারে ৪০ লাখ।
প্রতিষ্ঠানটির গবেষক লউরা মার্টিন বলেন, অনলাইন ভিডিও স্ট্রিমিং খাতে এত দিন নেটফ্লিক্স একক আধিপত্য ধরে রেখেছিল। তবে দিন দিন প্রতিযোগিতা বাড়ছে। অ্যাপল টিভি একই রকম সেবা দিচ্ছে। বাজারে জনপ্রিয় হয়েছে ডিজনি প্লাস। ফলে গ্রাহকদের মনোযোগ এখন নেটফ্লিক্স ছাড়িয়ে অন্যান্য সাইটের দিকে পড়েছে। এর জের ধরে ২০২০ সালে যুক্তরাষ্ট্রে ৪০ লাখ প্রিমিয়াম গ্রাহক হারাতে পারে জনপ্রিয় এ ভিডিও স্ট্রিমিং সাইট।
চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সংগ্রহ করা হিসাবে, যুক্তরাষ্ট্র জুড়ে নেটফ্লিক্সের ৬ কোটি ৬ লাখ ২০ হাজার প্রিমিয়াম গ্রাহক রয়েছে। তারা অর্থের বিনিময়ে নিয়মিত নেটফ্লিক্সের কনটেন্ট দেখেন। মার্কিন মুলুকে প্রতিযোগিতার জের ধরে নেটফ্লিক্স বিশ্বের অন্যান্য অঞ্চলের বাজার দখলে মনোযোগ দিয়েছে। বিশেষত ভারতের ক্রমবিকাশমান বাজারের কথা মাথায় রেখে বিনিয়োগ বাড়ানো, ভারতীয় দর্শকদের জন্য নতুন নতুন কনটেন্ট তৈরিসহ নানা উদ্যোগ নিয়েছে ভিডিও স্ট্রিমিং সাইটটি। ভারতীয়দের কাছেও ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে নেটফ্লিক্সের বিভিন্ন কনটেন্ট। এ কারণে যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিযোগিতার মুখে পড়লেও আগামী দিনগুলোয় ভারতসহ এশিয়ার দেশগুলোয় নেটফ্লিক্স ভালো ব্যবসা করতে পারে।
তবে প্রতিযোগিতা বাড়লেও এখনো ভিডিও স্ট্রিমিং খাতে নেটফ্লিক্সের জয়জয়কার রয়েছে বলে মনে করছেন লউরা মার্টিন। আসন্ন গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের মনোনয়নের প্রমাণ মিলেছে। জানুয়ারিতে অনুষ্ঠেয় এ অ্যাওয়ার্ডের টিভি ক্যাটাগরিতে ১৭টি এবং মুভি ক্যাটাগরিতে আরো ১৭টি মনোনয়ন বাগিয়ে নিয়েছে নেটফ্লিক্সের কনটেনট। এর মধ্য দিয়ে এবারের গোল্ডেন গ্লোব মঞ্চে নেটফ্লিক্স রাজত্ব করবে বলে মনে করা হচ্ছে।
সূত্র : রয়টার্স ও সিএনএন
