নষ্ট যন্ত্রপাতি সংস্কারের দাবিতে মানববন্ধন

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ২১:২২

বরিশালের শেবাচিম

বরিশাল অফিস

দক্ষিণাঞ্চলের সর্ববৃহত্ চিকিত্সা সেবা কেন্দ্র শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে অবিলম্বে বন্ধ হয়ে যাওয়া আইসিইউসহ সকল বিভাগের নষ্ট যন্ত্রপাতি সংস্কার এবং হাসপাতালের সকল অনিয়ম ও দুর্নীতি বন্ধ করে সেবার মান বাড়ানোর দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় নগরীর সদর রোডে এ কর্মসূচি পালন করে প্রগতিশীল চিকিত্সক ফোরাম ও সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখা। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বাসদের জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন—জেলা সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, শ্রমিক ফ্রন্টের নেতা বাবুল তালুকদার প্রমুখ।

বক্তারা বলেন, হাসপাতালের আইসিইউর ভেন্টিলেটর নষ্ট থাকার কারণে তরুণ চিকিত্সক মারুফ হোসেন নয়নের মৃত্যু হয়েছে। বক্তারা দক্ষিণাঞ্চলবাসীর একমাত্র ভরসাস্থল শেবাচিম হাসপাতালের এ সংকট দ্রুত সমাধানের ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জোর দাবি জানান।