টোল আদায়ের স্লিপে অনিয়ম
পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের কর্ণফুলী শাহ আমানত সেতুতে টোল বক্সে ৭০০ টাকার টোল নিয়ে ৩০০ টাকার স্লিপ দেওয়ায় প্রতিবাদ করেন ট্রাকচালক আজিজুর রহমান (৩০)। এর জেরে টোল কর্তৃপক্ষের লোকজন বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় তাকে মারধর করে রক্তাক্ত জখম করে বলে অভিযোগে জানা গেছে।
আহত ট্রাকচালক আজিজুর রহমান কর্ণফুলী উপজেলার চরলক্ষ্য এলাকার মৃত লোকমানের ছেলে। তিনি বলেন, টোল ৭০০ টাকা পরিশোধ করলেও আমাকে ৩০০ টাকার স্লিপ দেওয়া হয়। এই স্লিপটি কোম্পানিকে দেখাতে ৭০০ টাকার স্লিপ চাইলে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে রাইফেলের বাট দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে।
কর্ণফুলী ব্রিজের টোলের দায়িত্বে থাকা ম্যানেজার অপূর্ব সাহা বলেন, ট্রাক চালক গাড়ি নিয়ে রাস্তায় টোল বক্সের পাশে স্লিপ টোকেন নেওয়ার জন্য দাঁড়ান, এই সময় টোল সংগ্রহকারী রাস্তায় যানজট হওয়ার কারণে তাকে গাড়ি সাইড করে রাখার জন্য অনুরোধ করলে সে না যাওয়ায় আনসার সদস্যদের সঙ্গে কথা কাটাকাটির জের ধরে মারধরের ঘটনা ঘটে। ৭০০ টাকার স্লিপের পরিবর্তে ৩০০ টাকার স্লিপ দেওয়ার বিষয়টি ভুলবশত দেওয়া হয়েছে বলে তিনি স্বীকার করেছেন। এই ঘটনায় জড়িত কালেক্টর ও আনসারকে টোল বক্স থেকে অপসারণ করা হয়েছে বলে দাবি করেন।
এ বিষয়ে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, টোল আদায়কে কেন্দ্র করে একজন পরিবহন শ্রমিককে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা করলে পুলিশ আইনগত ব্যবস্থা নিবেন বলে তিনি জানান।
