বদলগাছীতে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ২১:২৫

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা

বদলগাছী উপজেলার পারসিন্দুরপুর গ্রামে বাঁশঝাড়ে স্বপন মণ্ডল নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে লাশ উদ্ধার করা হয়।

নিহত স্বপন মণ্ডল উপজেলার দেউলিয়া গ্রামের মৃত সোলায়মান আলীর ছেলে। তিনি পেশায় কবিরাজ ছিলেন। নিহত স্বপনের শ্বশুর আব্দুল জব্বার বলেন, কয়েক দিন আগে স্বপন আমার গ্রামে তার ক্রয়কৃত জমিতে বাড়ি নির্মাণকাজ শুরু করলে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা বাধা দেয় এবং তাকে মারধর করে জমি থেকে তাড়িয়ে দেয়। বিষয়টি আপোষ করার নামে বৃহস্পতিবার স্বপনকে ঐ ব্যক্তিরা ডেকে নিয়ে যায়। এরপর স্বপন আর বাড়ি ফিরেনি। জমিসংক্রান্ত ও পূর্ব শত্রুতার জেরে ঐ ব্যক্তিরা স্বপনকে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে বলে দাবি তার শ্বশুরের।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল মালেক বলেন, স্বপনের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা হলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।