বরিশাল অফিস
বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের প্রাক্তন ছাত্র ও নগরীর ডায়বেটিক হাসপাতালের চিকিত্সক ডা. মারুফ হোসেন নয়নের মৃত্যুতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মৃত্যুর দুইদিন পর বৃহস্পতিবার তদন্ত কমিটি গঠন করে হাসপাতাল প্রশাসন। হাসপাতালের উপপরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদারকে প্রধান করে চার সদস্যর কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।
শুক্রবার হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, তরুণ চিকিত্সক মারুফ হোসেন নয়নের মৃত্যুতে কোনো ধরনের গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখবে এ তদন্ত কমিটি। উল্লেখ্য, শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের প্রাক্তন ছাত্র ও নগরীর ডায়বেটিক হাসপাতালের চিকিত্সক ডা. মারুফ হোসেন নয়ন গত ১০ ডিসেম্বর শেবাচিম হাসপাতালে ভর্তি হন। নয়নের বাবা মোশারেফ হোসেন জানান, নয়নকে ঐ ইউনিটে নেয়ার পর কৃত্রিম উপায়ে শ্বাসপ্রশ্বাস দেয়ার সবকয়টি যন্ত্র অর্থাত্ ভেন্টিলেটর মেশিন নষ্ট থাকায় তা আর সম্ভব হয়নি।
