সাদুল্লাপুরে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ২১:২৬

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে  মোমেনা বেগম নামের এক গৃহবধূ নিহত ও মারপিটে দুই জন আহত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার জামালপুর ইউনিয়নের চিকনী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত  মোমেনা বেগম ঐ গ্রামের এমদাদুল হক আকন্দের স্ত্রী। আহত এমদাদুল হক আকন্দ ও তার ছেলে কামরুজ্জামান আকন্দকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সাদুল্লাপুর থানার ওসি মাসুদ রানা জানান, এমদাদুল হক আকন্দের সঙ্গে একই গ্রামের মুছা আলী আকন্দ গংয়ের ৬৪ শতক জমির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ জমিটি কিছুদিন আগে এমদাদুল হক দখলে নেয় এবং বসতবাড়ি নির্মাণ করে।

নিহতের স্বামী এমদাদুল হক জানান, এ সময় তাদের চিত্কারে প্রতিবেশীরা এগিয়ে এলে প্রতিপক্ষের লোকজন ঘরবাড়িতে আগুন দিয়ে চলে যায়। এতে তার দুটি শয়নঘর পুড়ে গেছে। তবে ক্রয়সূত্রে মুছা আলী ঐ জমির মালিক এবং এমদাদুল হক সম্প্রতি জোরপূর্বক জমিটি দখলে নিয়ে বসতবাড়ি নির্মাণ করেছে দাবি করে মুছা আলীর পরিবারের লোকজন গৃহবধূ হত্যা ও বসতবাড়িতে অগ্নিসংযোগের কথা অস্বীকার করে।

সাদুল্লাপুর থানার ওসি মাসুদ রানা বলেন, শুক্রবার সকাল থেকে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন আছে। এ ঘটনায় এমদাদুল হক বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।