গফরগাঁওয়ে দুর্বৃত্তের হামলায় জখম এক

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ২১:২৭

অর্থ ও স্বর্ণালংকার লুট

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

গফরগাঁওয়ে গাছ কেটে সড়কে ব্যারিকেড দিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত দুটার দিকে গফরগাঁও-রামপুর সড়কে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীদের রামদার কোপে মাইক্রোবাস চালক শফিকুল ইসলাম আহত হয়। ভুক্তভোগী আইটি ব্যবসায়ী খন্দকার ফাইদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে মাইক্রোবাসযোগে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। রাত দুটার দিকে গফরগাঁও-রামপুর সড়কের ভরভরা গ্রামের মইন সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে মুখোশপরা ছয়/সাত জন লোক গাছ ফেলে ব্যারিকেড দেয়। এ সময় ছিনতাইকারী দল রামদা দিয়ে কুপিয়ে মাইক্রোবাস ভাঙচুর করে এবং চালক শফিকুলকে টেনে হিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে রামদা দিয়ে কুপিয়ে আহত করে। পরে দেশীয় অস্ত্রের মুখে আইটি ব্যবসায়ী খন্দকার ফাইদুল ইসলাম ও তার স্ত্রীকে জিম্মি করে নগদ ১২ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালঙ্কার ও দুটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়।

গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার বলেন, ঘটনা জানার পরপরই পুলিশ পাঠানো হয়। দুর্বৃত্তদের আটক করতে অভিযান চলছে।