ফের শুরু হচ্ছে পাথর আমদানি

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ২১:২৮

সোনামসজিদ বন্দর

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ দিয়ে পাথর আমদানি প্রায় এক মাস বন্ধ থাকার পর আজ (শনিবার) থেকে পুনরায় শুরু হচ্ছে বলে জানিয়েছেন আমদানি-রপ্তানিকারকের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান বাবু। জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় ভারত থেকে পাথর আমদানির ক্ষেত্রে জটিলতার সমস্যা সমাধানে জেলা প্রশাসন,আমদানি-রপ্তানিকারক গ্রুপ ও পানামা কর্তৃপক্ষের নেতৃবৃন্দের সঙ্গে ফলপ্রসূ আলোচনার পর এ সিদ্ধান্ত হয়েছে। এছাড়া সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পাথর আমদানি শুরু করার জন্য জেলা প্রশাসনের একটি টিম ভারতের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ফিরেছেন। বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আমদানি-রপ্তানিকারক গ্রুপের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিলউদ্দিন আহমেদ শিমুল, অতিরিক্ত জেলা প্রশাসক দেবেন্দ্র নাথ উরাও, সহকারী কাস্টমস কমিশনার সাইফুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আকতার, আমদানি-রপ্তানিকারকের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান বাবু, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, পানামার ডেপুটি জেনারেল মাইনুল ইসলাম, সমন্বয়কারী টিপু, শ্রমিক লীগের সভাপতি সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান সরদার।

জানা গেছে, শুক্রবার স্থানীয় সংসদ সদস্য ডা. সামিলউদ্দিন আহমেদ শিমুলের নেতৃত্বে ১১ সদস্যবিশিষ্ট ব্যবসায়ীর একটি টিম ভারতের পশ্চিম বাংলার মালদাহ জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে আলোচনার পর শনিবার থেকে ভারতের মহদিপুর বন্দর এলাকায় আটকে-পড়া পাথর বোঝাই ট্রাকগুলো সোনামসজিদ বন্দরে প্রবেশ করবে।