জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা
স্টাফ রিপোর্টার, রংপুর জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতির বাস্তবায়নে কোনো অপরাধীকে ছাড় না দেওয়ার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বিপিএম (বার), পিপিএম। বৃহস্পতিবার জেলা পুলিশ কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন। পুলিশ সুপার বলেন, নভেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ সার্কেল হিসেবে সিনিয়র সহকারী পুলিশ সুপার(সি-সার্কেল) আরমান হোসেন পিপিএম, শ্রেষ্ঠ গ্রেফতারি পরোয়ানা তামিলকারী থানা গঙ্গাচড়া মডেল থানা এবং শ্রেষ্ঠ মামলা নিষ্পত্তিকারী ও শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী থানা হিসেবে কাউনিয়া থানাকে সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) আবু মারুফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) ফজলে এলাহী, অতিরিক্ত পুলিশ সুপার(বি সার্কেল) মারুফ হোসেন প্রমুখ।
শিক্ষার্থীদের আন্দোলনে তদন্ত কমিটি স্থগিত
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তদন্ত কমিটি স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. রফিকুল আমিনের বিরুদ্ধে লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার তদন্ত কমিটির বোর্ড হওয়ার কথা ছিল। কিন্তু মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তদন্ত কমিটি স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে বৃহস্পতিবার প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তদন্ত কমিটি স্থগিত করার বিষয়টি জানানো হলে শিক্ষার্থীরা আন্দোলন সমাপ্ত করে ক্লাসে ফিরে যায়।
শিবচর পৌরসভা আওয়ামী লীগের কমিটি গঠন
শিবচর (মাদারীপুর) সংবাদদাতা ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে শিবচর পৌরসভা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে শিবচর পৌরসভা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন খান, পৌর মেয়র আওলাদ হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম ৬৯ সদস্য বিশিষ্ট শিবচর পৌরসভা আওয়ামী লীগের নতুন কমিটির নাম ঘোষণা করেন। কমিটিতে তোফাজ্জেল হোসেন তোতা খানকে সভাপতি এবং বাবু শংকর চন্দ্র ঘোষকে সাধারণ সম্পাদক করা হয়।
বঙ্গবন্ধুর সমাধিসৌধে এলজিইডির প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা
গোপালগঞ্জ প্রতিনিধি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নবনিযুক্ত প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন। পরে তিনি ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। এ সময় অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুশংকর আচার্য, মতিয়ার রহমান, আব্দুল কুদ্দুস মণ্ডল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বাকৃবিতে ক্যারিয়ার কাউন্সিলিং অনুষ্ঠিত
বাকৃবি (ময়মনসিংহ) সংবাদদাতা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শুক্রবার কর্মক্ষেত্রের ওপর পরামর্শ বিষয়ক ‘প্রাণিসম্পদ শিল্পে পশুপালন স্নাতকদের সম্পৃক্ততা’ শীর্ষক ক্যারিয়ার কাউন্সিলিং অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে কাউন্সিলিংয়ের আয়োজন করে বাকৃবি পশুপালন ছাত্র সমিতি। এতে মূল বক্তব্য পড়েন পোলট্রি বিশেষজ্ঞ মো. গাউস খান। কর্মসূচিতে পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুত্ফুল হাসান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অ্যানিম্যাল হাজবেন্ড্রী অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসাইন। উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যানিম্যাল হাজবেন্ড্রী সোসাইটির সভাপতি মো. মাহাবুব হাসান, পোলট্রি বিশেষজ্ঞ মো. গাউস খান, নারিস পোলট্রি অ্যান্ড হ্যাচারির বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মাহামুদুল হাসান প্রমুখ।
সুনামগঞ্জ চেম্বার্স অব কমার্সের আয়োজনে মাসব্যাপী বাণিজ্য মেলা
সুনামগঞ্জ : বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে সুনামগঞ্জ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিছবাহ এমপি। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পৌর মেয়র নাদের বখত, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মনজুর আলম খন্দকার প্রমুখ।
খাগড়াছড়ির শহিদ কাদের শিল্পী পরিষদের নতুন কমিটি
খাগড়াছড়ি :খাগড়াছড়ির সাংস্কৃতিক সংগঠন শহিদ কাদের শিল্পী পরিষদের নতুন কার্যকরী কমিটি গঠন উপলক্ষ্যে শহরের প্রগতি সংঘ কার্যালয়ে শুক্রবার সকালে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাড. রতন কুমার দে, বিশেষ অতিথি ছিলেন সমাজকর্মী সংগঠনের উপদেষ্টা সুব্রত পারিয়াল, শিক্ষক স্বপন চৌধুরী, সাংবাদিক তমাল দাশ লিটন, যুব পরিষদ সভাপতি স্বপন ভট্টাচার্য। সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি অ্যাডভোকেট রতন কুমার দে, সম্পাদক প্রভাত তালুকদার, অর্থ সম্পাদক নন্দন দত্তকে মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করা হয়।
তাহিরপুরে ডিজিটাল বাংলাদেশ
দিবস পালিত
তাহিরপুর (সুনামগঞ্জ) :‘সত্য মিথ্যা যাচাই আগে, ফেইসবুকে শেয়ার পরে’—প্রতিপাদ্যকে তাহিরপুর উপজেলায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় এ উপলক্ষ্যে একটি র্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বেরিয়ে র?্যালিটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গণমিলনায়তন কেন্দ্র এসে আলোচনা সভায় মিলিত হয়। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিথিরা। পরে রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
০
