ভারত জুড়ে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে আক্রমণের মুখে পড়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ প্রচারণাকে কটাক্ষ করে ‘রেপ ইন ইন্ডিয়া’ মন্তব্য করায় রাহুলকে তোপ দেগে বিজেপির নেত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি প্রশ্ন ছুড়েছেন, ভারতের সবাই কি ধর্ষক?
শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়নমন্ত্রী স্মৃতি বলেন, ‘নারীর প্রতি সহিংসতাকে রাজনৈতিক ইস্যু বানাতে তিনি (রাহুল) যা করেছেন তা নিন্দনীয়। নারীরা নিশ্চয়ই এজন্য তাকে জবাব দেবে। তবে আমি এখানকার (ব্রিফিংয়ে উপস্থিত) পুরুষদের কাছে জানতে চাই, ভারতের সব মানুষই কি ধর্ষক, যেটা রাহুল গান্ধী মনে করেন?’ বৃহস্পতিবার ঝাড়খণ্ডে এক নির্বাচনী সভায় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী সরকারের সমালোচনায় তীব্র আক্রমণাত্মক বক্তব্য দেন।
নারীর প্রতি সহিংসতা তুলে ধরে তিনি বলেন, ‘নরেন্দ্র মোদি বলেছেন ‘মেক ইন ইন্ডিয়া’, কিন্তু এখন যেদিকে তাকাই, দেখা যাচ্ছে ‘রেপ ইন ইন্ডিয়া’। প্রধানমন্ত্রীর সাধের ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্প এখন ‘রেপ ইন ইন্ডিয়া’য় পরিণত হয়েছে। দেশে যৌন নিপীড়ন যেভাবে বেড়েছে, তাতে গোটা বিশ্বের কাছে দেশের মাথা নত হয়ে যাচ্ছে।’ —টাইমস অব ইন্ডিয়া
