শহিদ বুদ্ধিজীবী দিবসে যেসব রাস্তা ব্যবহার করবেন

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ২১:৫৭

ইত্তেফাক রিপোর্ট

আজ ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে যান চলাচলে নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গতকাল ডিএমপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিভিন্ন সংগঠনের নেতারা মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গমনাগমন করবেন। এ কারণে ঐ এলাকায় সুষ্ঠুভাবে যান চলাচল নিয়ন্ত্রণের জন্য সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সব ধরনের যানবাহন মিরপুর মাজার রোড পরিহার করতে হবে। তবে অন্য রাস্তা ব্যবহার করা যাবে।

যেসব রাস্তা ব্যবহার করবেন ঃ যেসব যানবাহন আশুলিয়ার দিক থেকে বেড়িবাঁধ দিয়ে মিরপুরের দিকে আসবে, সেসব যানবাহন নবাবেরবাগ ক্রসিং থেকে বামে মোড় নিয়ে শাহআলী থানা রোড ব্যবহার করবে। মাজার রোড ক্রসিং দিয়ে শাহআলী মাজার সংলগ্ন এলাকা অতিক্রম করবে, টেকনিক্যাল মোড় থেকে বামে দারুসসালাম রোড ব্যবহার করবে। মিরপুর-১০ নম্বর থেকে মাজার রোড হয়ে গাবতলীর দিকে যেসব যানবাহন যাবে সেগুলো মিরপুর-১ নম্বর থেকে বামে দারুসসালাম রোড ব্যবহার করে টেকনিক্যাল মোড় হয়ে চলাচল করবে।