যশোর অফিস
যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৃহস্পতিবার সন্ধ্যায় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। খুলনাস্থ ভারতীয় ডেপুটি হাইকমিশনের উদ্যোগে ও ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে খুলনার আব্বাস উদ্দীন একাডেমি নৃত্য পরিবেশন করে।
সাংস্কৃতিক সন্ধ্যার শুরুতে মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের পর শুভেচ্ছা বক্তব্য দেন ভারতীয় ডেপুটি হাইকমিশন, খুলনার সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না ও যশোরের পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু। এ সময় মুক্তিযোদ্ধা রবিউল আলম, রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ জ্ঞানপ্রকাশানন্দ মহারাজ এবং বাংলাদেশ-ভারত ব্যবসায়ী সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না বলেন, বাংলাদেশ ও ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য এক ও অভিন্ন। দুই দেশের সংস্কৃতি ও নৃত্য একইরকম। মনে রাখতে হবে ধর্ম যার যার, উত্সব সবার। এটাই দুই দেশের বন্ধুত্ব। আমরা আসলে ভিন্ন মায়ের একই শিশু সন্তান।
তিনি বলেন, ভারত সরকার বাংলাদেশের শিল্পীদের পৃষ্ঠপোষকতা করতে চায়। এজন্য খুলনার শিল্পীরা যশোর, বরিশাল, সিলেটে যাবে। যশোরের শিল্পীরা খুলনায় যাবে। ভারতে যাবে। এভাবে আমাদের সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছাবে।
উল্লেখ্য, বাংলাদেশি ও ভারতীয় সংস্কৃতি চর্চা ছড়িয়ে দেওয়া এবং দুই দেশের মধ্যে সংস্কৃতির আদান প্রদানের লক্ষ্যে ২০১০ সালে ১১ মার্চ ঢাকায় ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার যাত্রা শুরু করে।
