চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে সাত জনের মনোনয়নপত্র জমা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ২১:৫৯

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম-৮ সংসদীয় আসনে উপনির্বাচনে গত বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সাত জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। উক্ত আসনে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, বিএনপির প্রার্থী চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, ইসলামিক ফ্রন্টের সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন, বিএনএফ এর আবুল কালাম আজাদ, ন্যাপের বাপন দাশগুপ্ত ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমদাদুল হক মনোনয়নপত্র জমা দিয়েছেন। জাসদের একাংশের কার্যকরী সভাপতি মঈনুদ্দিন খান বাদলের মৃত্যুতে আসনটি শূন্য হয়। মঈনুদ্দিন খান বাদল ১৪ দলের প্রার্থী হিসেবে নৌকা মার্কায় নির্বাচন করে ২০০৮ সাল থেকে পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।

চট্টগ্রাম-৮ আসন  বোয়ালখালী উপজেলা, মহানগরীর পুরো চান্দগাঁও থানা এবং পাঁচলাইশ ও বায়েজিদ থানার একাংশ নিয়ে গঠিত। প্রায় ৪ লাখ ৭৫ হাজার ভোটারের মধ্যে বোয়ালখালী উপজেলায় ১ লাখ ৬৫ হাজার এবং চট্টগ্রাম মহানগরীতে ৩ লাখ ১৫ হাজার ভোটার রয়েছেন। জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিলকারী প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু মহাজোটের প্রার্থী হওয়ার চেষ্টা চালাচ্ছেন বলে তার সমর্থক নেতাকর্মীরা জানান। তবে বোয়ালখালী এলাকায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিনের শক্ত অবস্থান থাকায় তাকে সরিয়ে মহাজোটের প্রার্থীকে মনোনয়ন দেওয়ার সম্ভাবনা নেই বলে আওয়ামী লীগের নেতাকর্মীদের অভিমত। চট্টগ্রাম-৮ আসনে মনোনয়নপত্র দাখিলকারী বিএনএফ প্রধান আবুল কালাম আজাদ ২০১৪ সালের নির্বাচনে ঢাকার গুলশান এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।