মেয়র মীরু জামিনে জেল থেকে মুক্তির পর শাহজাদপুরে

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ২২:০০

শাহজাদপুর (সিরাজগঞ্জ ) সংবাদদাতা 

সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার মামলার প্রধান আসামি শাহজাদপুর পৌরসভার মেয়র (বর্তমানে বরখাস্তকৃত) মুক্তিযোদ্ধা হালিমুল হক মীরু ৩ বছর ৪ মাস জেলে থাকার পর জামিনে মুক্তি পেয়ে গতকাল শুক্রবার শাহজাদপুরে এসেছেন। এদিন বেলা সোয়া বারটায় শাহজাদপুর হাইস্কুল খেলার মাঠে মুক্তমঞ্চে তাকে  ফুল দিয়ে বরণ করেন তার সমর্থকরা। এ সময় তিনি উপস্থিত সবার উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যদেন। কয়েক হাজার সমর্থক মীরুকে বিসিক বাসস্ট্যান্ড থেকে মিছিল করে হাইস্কুল মাঠে নিয়ে আসেন। উল্লেখ্য ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি শাহজাদপুর পৌরসদর মনিরাপুরে মেয়র হালিমুল হক মীরুর বাড়ির সামনে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিক শিমুল গুলিবিদ্ধ হন। এদিন চিকিত্সার জন্য প্রথমে শিমুলকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে হাসপাতাল থেকে দ্রুত বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল  কলেজ হাসপাতালে নেওয়া হয়। পর দিন উন্নত চিকিত্সার জন্য শিমুলকে বগুড়া থেকে ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়। পরে শিমুলের স্ত্রী নুরন্নাহার খাতুন শাহজাদপুর থানায় মেয়র মীরুকে প্রধান আসামি করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। থানার তদন্ত কর্মকর্তা মীরুসহ ৩৮ জনের বিরুদ্ধে কোর্টে চার্জশিট দাখিল করেন। দীর্ঘদিন কারা ভোগের পর মেয়র মিরু রাজশাহী জেল থেকে ২৭ নভেম্বর জামিনে মুক্তি পেয়ে চিকিত্সার জন্য ঢাকায় যান। গতকাল শুক্রবার শাহজাদপুরে এসে তিনি জানান তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে ।