সংসদ সদস্যের ওপর হামলার অভিযোগ
মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় পার্টির সংসদ সদস্য ও সরকারি হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি ডা. রুস্তম আলী ফরাজীর ওপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের ২২ নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে সংসদ সদস্যের পক্ষে আলী রেজা রঞ্জু বাদী হয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিক ফরাজি, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান নিজাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মারুফ হোসেনসহ ২২ নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলায় বলা হয়, বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদে ডিজিটাল বাংলাদেশ দিবস শীর্ষক আলোচনা সভায় সংসদ সদস্য ডা. ফরাজী যোগ দেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা শেষ করে তিনি বাসভবনে ফেরার সময় উপজেলা পরিষদ চত্বরে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যানের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংসদ সদস্যের গাড়ি গতিরোধ করে হত্যার উদ্দেশে হামলা করে। এসময় আইনশৃঙ্খলা বাহিনী তত্পর হলে আসামিরা খুন জখম ও ভয়ভীতি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করে।
এ বিষয় সাবেক ছাত্রলীগ নেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত জানান, অনুষ্ঠান শেষে আমরা যে যার মতো বাড়ি চলে এসেছি। হয়রানি করার উদ্দেশে এই মিথ্যা মামলা করা হয়েছে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ. জা. মাসুদুজ্জামান বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
