পীরগাছা (রংপুর) সংবাদদাতা
ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে অঙ্গার হয়ে যাওয়া লাশটি রংপুরের পীরগাছা উপজেলার মাহবুর রহমানের বলে তার পরিবার দাবি করেছে। বৃহস্পতিবার সকালে সম্পূর্ণ পুড়ে যাওয়া লাশের বাম হাতে একটি ব্রেসলেট দেখেই তাকে শনাক্ত করেন মাহবুর রহমানের বাবা ও চাচা। মাহবুরের মা অসুস্থ থাকায় মৃত্যুর খবর সেদিন বাড়িতে জানানো হয়নি। গতকাল শুক্রবার দুপুরে তার মৃত্যুর খবর পেয়ে স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন। সন্তানের মৃত্যুর খবর শুনে তার মা মোরশেদা বেগমও বারবার মূর্ছা যাচ্ছেন। এ সময় প্রতিবেশীদের মাহবুরের স্বজনদের সান্ত্বনা দিতে দেখা যায়। নিহত মাহবুর রহমান (২৩) উপজেলার ছাওলা ইউনিয়নের আদম গ্রামের গোলজার রহমানের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়ো।
পারিবারিক সূত্রে জানা যায়, রিকশাচালক বাবার অভাবের সংসারে বড়ো হয়েছেন মাহবুর। ২০১৫ সালে ঢাকার কেরানীগঞ্জের ওয়ান প্রাইম প্লেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজে চাকরি নেন। গত চার বছর ধরে ১৭ হাজার টাকা বেতনে ঐ কারখানাতেই কাজ করে আসছিলেন। বুধবার বিকালের দিকে এক প্রতিবেশী টেলিভিশনে খবর দেখে অগ্নিকাণ্ডের বিষয়টি মাহবুরের পরিবারকে জানায়। তার খোঁজ নিতে পরিবারের লোকজন তার মোবাইল ফোনে কল করেন। একের পর এক কল করা হলেও মাহবুর ফোন ধরেননি। একসময় ফোনটি বন্ধ হয়ে যায়।
