সিলেটকেও উড়িয়ে দিল রাজশাহী

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ২২:০২

স্পোর্টস রিপোর্টার

বঙ্গবন্ধু বিপিএলের শক্তিধর দলগুলোর বিবেচনায় রাজশাহী রয়্যালসের নামটা ওপরের দিকেই ছিল। আন্দ্রে রাসেলের নেতৃত্বাধীন রাজশাহীর শুরুটাও হয়েছে দুর্দান্ত। ব্যাটে-বলে পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছে তারা। প্রথম ম্যাচে ঢাকা প্লাটুনকে হারিয়েছিল রাজশাহী। গতকাল দিনের প্রথম ম্যাচে সিলেট থান্ডারকে রীতিমতো উড়িয়ে দিয়েছে পদ্মা পাড়ের দলটি।

মিরপুর স্টেডিয়ামে সিলেটকে আট উইকেটে পরাজিত করেছে রাজশাহী। টানা দ্বিতীয় জয় পেল রাজশাহী। অন্যদিকে সিলেটের এটি টানা দ্বিতীয় হার। আগে ব্যাট করতে নেমে ১৫.৩ ওভারে ৯১ রানে অলআউট হয়ে যায় সিলেট। জবাবে ১০.৫ ওভারে ২ উইকেটে ৯৫ রান তুলে ম্যাচ জিতে নেয় রাজশাহী। ১৭ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন রাজশাহীর লেগ স্পিনার অলক কাপালি।

টার্গেটটা বড়ো ছিল না। সহজেই তা পাড়ি দিয়েছে রাজশাহী। যদিও ইনিংসের তৃতীয় বলেই হযরতউল্লাহ জাজাইয়ের (০) উইকেট হারায় তারা। নাঈম হাসানের বলে বোল্ড হন জাজাই। দ্বিতীয় উইকেটে লিটন দাস ও আফিফ হোসেনের জুটি আর চাপ বাড়তে দেয়নি। তাদের ৬২ রানের জুটি ম্যাচটাকে আরো সহজ করে দেয়। আফিফ ২৫ বলে ৩০ রান করে আউট হন। বাকি পথটুকু পাড়ি দিতে খুব সময় নেননি লিটন দাস ও শোয়েব মালিক। তাদের অবিচ্ছিন্ন ৩৩ রানের জুটিতে জয় নিশ্চিত হয় রাজশাহীর। লিটন দাস ২৬ বলে অপরাজিত ৪৪, শোয়েব মালিক অপরাজিত ১৬ রান করেন।

এর আগে রাজশাহীর স্লো বোলাররা সর্বনাশ করেছেন সিলেটের। ব্যাটসম্যানদের থিতু হতে দেননি অলক কাপালি, রবি বোপারা, ফরহাদ রেজারা। ফিল্ডিংয়েও দুর্দান্ত ছিল রাজশাহী। রবি বোপারা, আন্দ্রে রাসেল দুটি রানআউট করেছেন।

টসে হেরে ব্যাট করা সিলেটের শুরুটা ভালোই ছিল। রনি তালুকদার, জনসন চার্লসের ওপেনিং জুটি বিচ্ছিন্ন হয়েছিল ৩৫ রান যোগ করে। আন্দ্রে রাসেলের স্লোয়ারে এলবির ফাঁদে পড়েন ১৯ রান করা রনি তালুকদার। পঞ্চম ওভারে সিলেটকে বড়ো ধাক্কা দেন অলক কাপালি। তার লেগ স্পিনে পথ হারায় সিলেট। ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে চার্লস ও জীবন মেন্ডিস (০) বোল্ড হন। চার্লস ১৬ রান করেন। চতুর্থ উইকেটে ইনিংস বিনির্মাণের চেষ্টা চালিয়েছেন অধিনায়ক মোসাদ্দেক ও মিঠুন। দুজনই সেট হয়ে গিয়েছিলেন। দ্রুত উইকেট পতনের ধাক্কাও প্রায় কাটিয়ে উঠেছিলেন।

কিন্তু হুট করেই উইকেট বিলিয়ে ফিরেন মিঠুন। ১১তম ওভারে বোপারাকে তুলে মারতে গিয়ে ক্যাচ দেন মিঠুন। তিনি ২০ রান করেন। একই বোলারের শিকার হন মোসাদ্দেকও। উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার আগে সিলেটের অধিনায়ক ২০ রান করেন। ৮১ রানে পাঁচ উইকেট হারায় দলটি। তার পরই মড়ক লাগে। মাত্র ১০ রানে শেষ পাঁচ উইকেট হারিয়ে বসে সিলেট। শেষ দিকে নাজমুল মিলন ১০ রান করেন। লোয়ার অর্ডারে আর কেউ দুঅঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।

রাজশাহীর অলক কাপালি তিনটি, ফরহাদ রেজা-রবি বোপারা দুটি করে, আন্দ্রে রাসেল একটি করে উইকেট পান।

সংক্ষিপ্ত স্কোর

সিলেট থান্ডার : ১৫.৩ ওভারে ৯১

রাজশাহী রয়্যালস : ১০.৫ ওভারে ৯৫/২

ফলাফল : রাজশাহী রয়্যালস ৮ উইকেটে জয়ী

ম্যাচ সেরা: অলক কাপালি (রাজশাহী)