পার্থ টেস্ট
স্পোর্টস রিপোর্টার
মার্নাস লাবুশানের সেঞ্চুরির পর ট্রাভিস হিড, টিম পেইনদের সঙ্গে মিশেল স্টার্কও ব্যাট হাতে অবদান রেখেছিলেন। কিন্তু বল হাতে আসল কাজটা করেছেন স্টার্ক। অস্ট্রেলিয়া ৪১৬ রানে অলআউট হওয়ার পর স্টার্কের তোপে পার্থ টেস্টের দ্বিতীয় দিনেই কুঁকড়ে গেছে নিউজিল্যান্ড। দিনশেষে ৫ উইকেট হারিয়ে ১০৯ রান তুলেছে সফরকারীরা।
৪ উইকেটে ২৪৮ রান নিয়ে গতকাল দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। ১১০ রানে মার্নাস লাবুশানে এবং ২০ রানে হিড ব্যাট করছিলেন। এই জুটি ৩০১ রান পর্যন্ত টেনে নিয়ে যায় অস্ট্রেলিয়াকে। মাত্র ৭ রানের জন্য লাবুশানে একটা রেকর্ড মিস করেন। তিনি টানা তিন ইনিংসে ১৫০ পার করার রেকর্ড করতে পারতেন। কিন্তু ২৪০ বলে ১৪৩ রান করে আউট হয়ে যান এই ব্যাটসম্যান।
সঙ্গী হিড ৫৬ রান করে ফেরেন। এরপর দুই বোলারকে নিয়ে আরো বেশ খানিকদূর দলকে নিয়ে যান অধিনায়ক পেইন। প্যাট কামিন্স ৮৫ বল খেলে ২০ রান করেন। আর স্টার্ক দ্রুত ৩০ রান করেন। আর শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে পেইন ৩৯ রান করেন।
জবাব দিতে নেমে ভয়াবহ বিপদে পড়ে নিউজিল্যান্ড। প্রথম দুই ওভারেই দলীয় ১ রানে ২ ওপেনারের উইকেট হারায় তারা। স্টার্ক ও হ্যাজেলউড একটি করে উইকেট তুলে নেন। এরপর রস টেলরের সঙ্গে একটা ৭৬ রানের জুটি করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন উইলিয়ামসন। ৩৪ রান করা নিউজিল্যান্ড অধিনায়ককেও ফেরান স্টার্ক। এরপর স্টার্ক দিনের একেবারে দুই ওভার খেলা বাকি থাকতে পরপর আরো ২ উইকেট তুলে নেন। দিনশেষে টেলর একমাত্র ভরসা হয়ে ৬৬ রানে অপরাজিত আছেন।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া-১ম ইনিংস : ১৪৬.২ ওভারে ৪১৬/১০ (লাবুশানে ১৪৩, হিড ৫৬, ওয়ার্নার ৪৩, স্মিথ ৪৩, পেইন ৩৯, স্টার্ক ৩০, কামিন্স ২০; ওয়াগনার ৪/৯২, সাউদি ৪/৯৩)।
নিউজিল্যান্ড-১ম ইনিংস : ৩২ ওভারে ১০৯/৫ (টেলর ব্যাটিং ৬৬, উইলিয়ামসন ৩৪; স্টার্ক ৪/৩১)।
