দীর্ঘ মেয়াদে থাকছেন ক্লপ

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ২২:০৫

স্পোর্টস ডেস্ক

য়ুর্গেন ক্লপ লিভারপুলের কোচ হিসেবে ২০২৪ সাল পর্যন্ত থাকবেন। এ ব্যাপারে ক্লাবটির সঙ্গে তার নতুন চুক্তি হয়েছে।

জার্মান এই কোচ ২০১৫ সালের অক্টোবরে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিতে যোগ দেন। এরপর ২০১৬ সালের জুলাইয়ে ছয় বছরের নতুন চুক্তি করেছিলেন তিনি। সেটিকেই আরো বাড়ানো হলো ক্লাব ও কোচের তরফে।

লিভারপুল এই কোচের অধীনে গেল মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল। এছাড়াও প্রিমিয়ার লিগে পেয়েছিল দ্বিতীয় স্থান। চলতি মৌসুমে এখন পর্যন্ত দলটি প্রিমিয়ার লিগের শীর্ষে আছে। ১৯৯০ সালের পর এই প্রথম লিগ শিরোপা জয়ের লক্ষ্যে ক্লপের দল এখন নিকটতম প্রতিদ্বন্দ্বীর চাইতে এগিয়ে আছে আট পয়েন্টে।

এ প্রসঙ্গে ৫২ বছর বয়সি ক্লপ লিভারপুলের ওয়েবসাইটে বলেন, ‘এই ক্লাব এমন একটা দারুণ জায়গা, আমি তা ছেড়ে যাওয়ার কথা ভাবতে পারি না।’

বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক এই জার্মান কোচ প্রথমে যখন লিভারপুলে এসেছিলেন তার প্রতিক্রিয়ায় জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার বলেছিলেন তার স্বদেশি শিরোপা এনে দিতে সক্ষম।

বেকেনবাওয়ার সেসময় বলেছিলেন, ‘লিভারপুল পৃথিবীর অন্যতম সেরা ক্লাব। তাই য়ুর্গেন ক্লপ এবং লিভারপুল দারুণ একটা জুটি হতে পারে। তাছাড়া সে শিরোপা এনে দিতেও সক্ষম।’