কাঠগড়ায় দাঁড়াচ্ছেন জাতীয় দলের ম্যানেজার ও কোচ

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ২২:০৬

স্পোর্টস রিপোর্টার

এসএ গেমস ফুটবলে বাংলাদেশের (অনূর্ধ্ব-২৩) পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট না বাফুফে। ফুটবল দল ফাইনাল খেলতে পারেনি। কেন পারেনি, কি হয়েছে তা জানতে দলের ম্যানেজার সত্যজিত দাস রূপু এবং কোচ জেমি ডে তার স্টাফদের সঙ্গে কথা বলবে বাফুফে।

গতকাল বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী ফেডারেশন কাপ ফুটবলের ড্র অনুষ্ঠানের শুরুতেই সংবাদ সম্মেলনে এসএ গেমস ফুটবল ব্যর্থতা নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হন।

সংবাদমাধ্যম এসএ গেমস ফুটবলের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুললে সালাম মুর্শেদী প্রথমে ফুটবলারদের অতীত পারফরম্যান্সের প্রশংসা করেন।

 ফুটবলের উন্নতির কথাগুলো বর্ণনা করেন। তিনি বলেন, ‘আমরা খারাপ খেলছি তা না। রেজাল্ট আসছে না। কিছু কিছু খেলা থাকে যেখানে রেজাল্ট না থাকলেও উন্নতি চোখে পড়ে। উত্সাহ থাকে। তবে জবাবদিহিতাও থাকতে হবে।’

সালাম মুর্শেদী বলেন, ‘ম্যানেজার কোচ তাদেরকে ডাকা হবে। খুব শিগিগরই বাফুফে তাদের সঙ্গে কথা বলবে।’