হ্যাটট্রিক জয় টিউলিপের, জিতলেন আরো তিন বাংলাদেশি বংশোদ্ভূত

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ২২:১৩

ব্রিটেনের সাধারণ নির্বাচনে বিরোধী লেবার পার্টি ধরাশায়ী হলেও দলটির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা বাংলাদেশি বংশোদ্ভূত চার নারী প্রার্থী জয়লাভ করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর লেবার পার্টি কোনো নির্বাচনে এতটা খারাপ ফল করেনি। কিন্তু এর মাঝেও বাংলাদেশি বংশোদ্ভূত এই প্রার্থীরা বড়ো ব্যবধানে প্রতিপক্ষ প্রার্থীদের হারিয়েছেন। যে চারটি আসনে বাংলাদেশি বংশোদ্ভূতরা লড়েছেন, সেখানে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীরা তাদের অর্ধেক ভোটও পাননি।

হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন এলাকা থেকে হ্যাট্রিক জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত টিউলিপ সিদ্দিক। তিনি ২৮ হাজার ৮০ ভোট পেয়েছেন। অন্যদিকে কনজারভেটিভ পার্টির প্রার্থী জনি লাক পেয়েছেন ১৩ হাজার ৮৯২ ভোট। টিউলিপ সিদ্দিক জয়লাভ করলেও গতবারের চেয়ে তিনি ১০ শতাংশ ভোট কম পেয়েছেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ প্রার্থীও গতবারের চেয়ে ৮ শতাংশ ভোট কম পেয়েছেন। টিউলিপ সিদ্দিক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার বড়ো মেয়ে তিনি।

বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে চতুর্থবারের মতো জয়লাভ করেছেন রুশনারা আলী। তিনি পেয়েছেন ৪৪ হাজার ৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীরা কনজারভেটিভ প্রার্থী নিকোলাস স্টোভোল্ড পেয়েছেন ৬ হাজার ৫২৮ ভোট। মোট ভোটের প্রায় ৭৩ শতাংশ পেয়েছেন রুশনারা আলী। তিনি ২০১০ সাল থেকে টানা একই এলাকা থেকে নির্বাচিত এমপি। ৪৪ বছরের এ রাজনীতিকের জন্ম সিলেটের বিশ্বনাথ উপজেলার ভুরকি গ্রামে। ছোটোবেলায় মা-বাবার সঙ্গে লন্ডনে চলে যান।

দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক। লন্ডনের আরেকটি আসন ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন থেকে জয়লাভ করেছেন তিনি। তার প্রাপ্ত ভোট হচ্ছে ২৮ হাজার ১৩২, আর কনজারভেটিভ প্রার্থী জুলিয়ান গ্যালান্ট পেয়েছেন ১৪ হাজার ৮৩২ ভোট। এ ক্ষেত্রে উভয় প্রার্থীর প্রাপ্ত ভোট গতবারের কমেছে। রূপা হকের ভোট কমেছে ৮.৪ শতাংশ এবং কনসারভেটিভ প্রার্থীর ভোট কমেছে ৭.৭ শতাংশ। ২০১৫ সালে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন রূপা হক।

প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত আপসানা বেগম। লেবার পার্টির প্রার্থী হিসেবে তিনি জয়লাভ করেছেন পপলার অ্যান্ড লাইমহাউজ আসন থেকে। তিনি পেয়েছেন ৩৮ হাজার ৬৬০ ভোট এবং কনজারভেটিভ প্রার্থী পেয়েছেন ৯৭৫৬ ভোট। যদিও উভয় প্রার্থীর ভোট গতবারের চেয়ে চার শতাংশ কমেছে বলে বিবিসির খবরে বলা হয়েছে। আপসানা বেগম টাওয়ার হ্যামলেটসের সাবেক কাউন্সিলর ও মেয়র মনির উদ্দিন আহমদের মেয়ে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে ৯ জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। যাদের মধ্যে ৭ জনই ছিলেন নারী। বিরোধী লেবার পার্টি থেকে লড়েছেন সর্বোচ্চ ৭ জন। লিবারেল ডেমোক্র্যাট ও কনজারভেটিভ পার্টি থেকে একজন করে লড়ছেন।