ফোর্বসের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় শেখ হাসিনা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ২২:১৪

মার্কিন সাময়িকী ফোর্বসের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় ২৯তম অবস্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তালিকায় প্রথম অবস্থানে রয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। বৃহস্পতিবার এই তালিকা প্রকাশ করেছে সাময়িকীটি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে ফোর্বস বলেছে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন। সর্বশেষ নির্বাচনে তার দল ক্ষমতাসীন আওয়ামী লীগ সংসদের ৩০০ আসনের মধ্যে ২৮৮টিতেই জয় লাভ করে। তিনি খাদ্য নিরাপত্তা এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সবার সুযোগ করে দেওয়ার পরিকল্পনার ওপর জোর দিয়েছেন।

মার্কেলের পর শীর্ষ ক্ষমতাধর ১০ নারীর তালিকায় যথাক্রমে আছেন—ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের              প্রথম নারীপ্রধান ক্রিস্টিন লগার্ড, মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি, ইউরাপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন, জেনারেল মোটরসের প্রধান নির্বাহী মেরি বারা, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহপ্রধান মেলিন্ডা গেটস, ফাইডেলিটি ইনভেস্টমেন্টের সিইও আবিগেইল জনসন, স্যানট্যানডারের নির্বাহী চেয়ারম্যান আনা প্যাট্রিসিয়া বোটিন, আইবিএমের প্রধান নির্বাহী গিনি রোমেটি এবং লকহিড মার্টিনের সিইও মেরিলিন হিউসন।

তালিকায় ৪০তম অবস্থানে আছেন ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প রয়েছেন ৪২ নম্বরে। যদিও ৩৪তম অবস্থানে আছেন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

ফোর্বস বলেছে, রাজনীতি, ব্যবসা, বিত্ত, গণমাধ্যম, জনসেবা, এনজিও এবং প্রযুক্তি খাতে প্রতিনিধিত্বকারী নারীরা আছেন ১০০ জনের এ তালিকায়।