একই মালিকের দুই কারখানা সিলগালা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ২২:১৫

ভয়াভয় অগ্নিকাণ্ডের ঘটনায় কেরানীগঞ্জের ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে প্লাস্টিক কারখানাটি সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে কারখানাটি সিলগালা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দেবনাথ। এর আগে উপজেলার শুভাঢ্যা এলাকায় একই মালিকের আরো একটি কারখানা সিলগালা করে দেওয়া হয়। ইউএনও অমিত দেবনাথ জানিয়েছেন, জেলা প্রশাসক (ডিসি) কারখানা দুটি পরিদর্শন করেছেন। তার নির্দেশেই প্লাস্টিক কারখানা দুটি সিলগালা করে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, সিলগালা করা একই মালিকের দ্বিতীয় কারখানাটিও আবাসিক এলাকার মধ্যে। তাছাড়া কারখানাটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেওয়া হয়নি। অগ্নিকাণ্ড হলে সেখানে ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে ঢোকাই মুশকিল।

উল্লেখ্য, বুধবার বিকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়ার হিজলতলা এলাকার প্রাইম পেট প্লাস্টিক কারখানাটিতে আগুন লাগে। এতে ১৩ জন মারা গেছেন। এর মধ্যে একজন ঘটনাস্থলে এবং বুধবার রাত থেকে বৃহস্পতিবার চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন ১২ জন। কারখানাটিতে গত দুই বছরে তিনবার অগ্নিকাণ্ড ঘটেছে, যার দুটোই ঘটেছে চলতি বছরে। প্রতিটি অগ্নিকাণ্ড ছিল ভয়াবহ।

২০১৬ সালের ২৮ নভেম্বর কারখানাটিতে প্রথম অগ্নিকাণ্ড ঘটে। এরপর চলতি বছরের ২৫ এপ্রিল দ্বিতীয়বারের মতো আগুন লাগে। তবে ঐ দুটি অগ্নিকাণ্ডে কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।