রাজশাহীতে দেশি পেঁয়াজের দাম অবশেষে কমতে শুরু করেছে। রাজশাহী মহানগরসহ আশপাশের বাজারে নতুন দেশি পেঁয়াজ ওঠায় গত কয়েকদিনের তুলনায় দাম কমতে শুরু করেছে। নতুন দেশি পেঁয়াজের ওঠায় এবং দাম কমায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-এর (টিসিবি) খোলা ট্রাকের সামনে ক্রেতার ভিড়ও কমেছে। গতকাল শুক্রবারও খোলা ট্রাকে টিসিবির পেয়াজ বিক্রি হয়েছে। তবে অন্য দিনের তুলনায় ক্রেতা ছিল কম। ফলে টিসিবির ডিলারদের গ্রাহকের চাহিদামতো ৫/১০ কেজি করেও পেয়াজ বিক্রি করতে দেখা গেছে। তারপরও বিকালে ট্রাক ভর্তি টিসিবির পেঁয়াজ অবিক্রিত ছিল।
খুচরা বাজার ঘুরে দেখা যায়, পেঁয়াজের দাম কেজিতে ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত কমে ৭০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, গত দুই মাস ধরে রাজশাহীর বাজারে প্রতি কেজি পেঁয়াজ ২৫০ থেকে ২৮০ টাকায় বিক্রি হয়েছে। এভাবে দাম কমতে থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই পেঁয়াজের দাম স্বাভাবিক হতে পারে বলে ক্রেতারা আশা করছেন। পেঁয়াজ ব্যবসায়ীরা বলেন, আমদানি বেশি হওয়ায় পেঁয়াজের দাম প্রতিদিন কমছে। আমদানি আরো বাড়লে কয়েকদিনের মধ্যেই দাম স্বাভাবিক হবে।
