রাবিতে তথ্য বিজ্ঞান নিয়ে আন্তর্জাতিক সম্মেলন ১৮-১৯ ডিসেম্বর

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ২২:১৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘তথ্য বিজ্ঞান ও টেকসই উন্নয়ন : সমস্যা, সম্ভাবনা ও বাস্তবতা’  শীর্ষক দুইদিন ব্যাপী ৭ম আন্তর্জাতিক সম্মেলন আগামী ১৮-১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে পরিসংখ্যান বিভাগ আয়োজিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর দপ্তরের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি থাকবেন পরিকল্পনা কমিশনের পরিসংখ্যান ও ইনফরমেটিক্স বিভাগের সচিব সুরেন্দ্র নাথ চক্রবর্তী, রাবি উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া।

গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের পরিসংখ্যান বিভাগের কম্পিউটার ল্যাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।