যুক্তরাজ্যের নির্বাচনে কনজারভেটিভ পার্টি বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর চাঙ্গা ভাব লক্ষ্য করা গেছে ব্রিটিশ মুদ্রা বাজারে। সেই সঙ্গে শেয়ারবাজারেও উত্থান লক্ষ্য করা গেছে। ব্রিটিশ মুদ্রার অবস্থান ইউরোর তুলনায় সাড়ে তিন বছরের মধ্যে সর্বোচ্চ লক্ষ্য করা গেছে। গতকাল এক পাউন্ড স্টার্লিং-এর দাম ১ দশমিক ৩৩ ডলার হয়েছে। ডিসেম্বরের শুরুতে এই দর ১ দশমিক ২৯-এর কাছাকাছি ছিল। বিবিসির সংবাদ অনুযায়ী, এই নির্বাচনে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় ব্রেক্সিট নিয়ে যে অনিশ্চয়তা ছিল তা দূর হয়েছে। ব্রেক্সিটের পথে এখন আর বাধা থাকলো না। ফলে মুদ্রাবাজার এবং শেয়ারবাজারেও এর ইতিবাচক প্রভাব পড়েছে। ব্রিটিশ শেয়ারবাজারের প্রধান সূচক ১ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গতকাল সকাল থেকেই শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। ব্যাংকিং খাতের শেয়ার দর গড়ে ৮ থেকে ১২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বেড়েছে গৃহনির্মাণ খাতের প্রতিষ্ঠানের শেয়ার দরও। মার্কেট ডটকম এর প্রধান বিশ্লেষক নীল জনসন বলেছেন, কনজারভেটিভ পার্টি নির্মাণ খাত চাঙ্গা করার আশা দেওয়ায় এই খাতের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। প্রায় এক বছর ধরে রাজনৈতিক অনিশ্চয়তা থাকার পর পার্লামেন্টে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়া ব্রেক্সিট নিয়ে আশাবাদী হয়েছে বিনিয়োগকারীরা। বিশ্লেষকরা বলছেন, ব্রেক্সিটের পথ সুগম হওয়ায় যুক্তরাজ্যের অর্থনীতিতে যে আশঙ্কা ছিল সেগুলো ধীরে ধীরে কাটতে শুরু করবে। এই নির্বাচন শুধু বিনিয়োগকারীদের নয়, ভোক্তাদেরও আস্থা ফিরিয়ে আনবে। ব্রেক্সিট-পরবর্তী সময়ে ইউরোপের দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য অবস্থার পরিবর্তন আসবে।
