সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে বাংলাদেশিদের ভারতে প্রবেশ বন্ধ করে দেওয়ায় গতকাল ৩ শতাধিক পর্যটক তামাবিল স্থল বন্দরে আটকা পড়েন। তারা দিনভর অপেক্ষার পর সিলেট শহরের দিকে ফিরে আসেন। এদের মধ্যে শিশু ও মহিলাও রয়েছেন। তাদের অনেককেই এখন সিলেট শহরে অবস্থান করতে বাড়তি খরচের বোঝা বহন করতে হচ্ছে।
সূত্র জানায়, ভারতীয় অভিবাসন কর্মকর্তারা পর্যটকদের ডাউকি ইমিগ্রেশন পার হতে দেননি। তামাবিল ইমিগ্রেশন পর্যটকদের ছেড়ে দিলেও ভারতীয় ইমিগ্রেশন তাদের ফিরিয়ে দেয় ডাউকি থেকে। নাগরিকত্ব বিল নিয়ে উত্তেজনার পরিপ্রেক্ষিতে মেঘালয় রাজ্যে কারফিউ জারির কারণে বাংলাদেশিদের প্রবেশ করতে দেওয়া হয়নি।
এদিকে মেঘালয়ের পাদদেশ তামাবিলে দিনভর তীব্র শীতে দুর্ভোগ পোহান পর্যটকরা। পরে সন্ধ্যার আগে কুয়াশায় ঢাকা তামাবিল এলাকা ছেড়ে সিলেটের দিকে চলে আসেন তারা। গোয়াইনঘাট উপজেলার তামাবিল বন্দর দিয়ে ডাউকি হয়ে মেঘালয় রাজ্যে বেড়াতে যান বাংলাদেশিরা।
অভিবাসন ও স্থল বন্দর পুলিশের বিশেষ সুপার (এসপি) মো. মনিরুজ্জামান বলেন, বাংলাদেশ থেকে ইমিগ্রেশন শেষে ভ্রমণকারীরা ভারতে প্রবেশ করতে গেলে ডাউকি ইমিগ্রেশন সেন্টার তাদের ফেরত পাঠায়। এ ব্যাপারে আগে থেকে তাদের কিছু জানানো হয়নি।
অন্যদিকে যাত্রী যাতায়াত বন্ধ থাকলেও এই স্থল বন্দর দিয়ে পণ্য পরিবহন স্বাভাবিক রয়েছে বলে জানান তামাবিল স্থল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) পার্থ ঘোষ।
