স্কুল ছাত্রসহ সড়কে ঝরল ৫ প্রাণ

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ২২:৩১

সড়ক দুর্ঘটনায় গতকাল স্কুলছাত্রসহ ঝরেছে ৫ জনের প্রাণ। এর মধ্যে ধামরাইয়ে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ভর্তিচ্ছু এক শিক্ষার্থী, খুলনার পাইকগাছায় মাছ ব্যবসায়ী, কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পথচারী এবং নোয়াখালীর সেনবাগে এক স্কুলছাত্র মারা গেছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

ধামরাই (ঢাকা) :ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় শাহিনুর ইসলাম (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহিনুর ইসলাম কুষ্টিয়ার মিরপুর থানার বহুল বারিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শাহিনুর বারবাড়িয়া থেকে মোটরসাইকেলযোগে ঢাকা ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাওয়ার পথে ঢুলিভিটা এলাকায় দ্রুতগামী সেলফি পরিবহনের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেলে পেছন দিক থেকে আসা একটি প্রাইভেট কার তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শাহিনুরের মৃত্যু হয়।

খুলনা :খুলনায় ট্রাকের ধাক্কায় মফিজুল তরফদার নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে পাইকগাছা-কয়রা সড়কের শিববাটি ব্রিজের সামনে নির্মাণাধীন কৃষি কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত মফিজুল পাইকগাছা উপজেলার লক্ষ্মীখোলা গ্রামের মৃত মহিউদ্দিন তরফদারের ছেলে।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) :ভূরুঙ্গামারীতে ট্রাক্টরের ধাক্কায় কফিল উদ্দিন নামে এক অটো আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গছিডাঙ্গা গ্রামের মৃত পনির উদ্দিনের ছেলে কফিল অটো রিকশাযোগে ভূরুঙ্গামারী আসার পথে পাইকেরছড়া গ্রামীণ ব্যাংক শাখার সন্নিকেট আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সেনবাগ (নোয়াখালী) :সেনবাগ-সোনাইমুড়ি উপজেলার কানকিরহাটের সন্নিকটে কেশারপাড় এলাকায় গতকাল শুক্রবার একটি বিয়ের অনুষ্ঠান থেকে চার বন্ধু এক মোটরসাইকেলে চড়ে বেপরোয়া গতিতে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সৈকত হোসেন সীমান্ত নামে এক স্কুলছাত্র মারা গেছে। এ ঘটনায় তার অপর তিন বন্ধু গুরুতর আহত হয়। সৈকত স্থানীয় বীরকোর্ট গ্রামের মাঝি বাড়ির নুরনবীর পুত্র এবং কানকিরহাট উচ্চ বিদ্যালয় থেকে এবার জেএসসি পরীক্ষায় অংশ নেয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

হরিনাকুণ্ডু (ঝিনাইদহ):শুক্রবার সন্ধ্যায় উপজেলার সাধুহাটী-হরিনাকুণ্ডু সড়কের রিশখালী এলাকার নাওমারা মাঠে সড়ক দুর্ঘটনায় ইসমাইল হোসেন নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছে। নিহত পুলিশ সদস্য উপজেলার ভোড়াখালী গ্রামের মজিবুর রহমানের ছেলে। সে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা তদন্ত কেন্দ্রে কর্মরত ছিল বলে জানা গেছে।  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে পুলিশ সদস্য ইসমাইল হোসেন মোটরসাইকেল যোগে হরিণাকুণ্ডু শহরের দিকে আসার পথে নাওমারা মাঠে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ও পরে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হলে সেখানেই তার মৃত্যু হয়।