আগৈলঝাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননার অভিযোগ প্রমাণিত হওয়ায় উপজেলা সদরের শতবর্ষী বিদ্যাপীঠ ভেগাই হালদার পাবলিক একাডেমির প্রধান শিক্ষক যতীন্ত্র নাথ মিস্ত্রীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাডহক কমিটির জরুরি সভায় মাউশি বিধি আলোকে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামের তদন্ত রিপোর্টে ছবি অবমাননার প্রমাণ মেলে। এ পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার প্রধান শিক্ষক যতীন্ত্র নাথ মিস্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলার শুপারিশও করেন ইউএনও বিপুল চন্দ্র দাস। গত বৃহস্পতিবার খায়রুল বাশার বাপ্পি নামে এক ব্যক্তি বাদী হয়ে প্রধান শিক্ষক যতীন্ত্র নাথ মিস্ত্রীর বিরুদ্ধে থানায় মামলা করেন। ওসি (তদন্ত) মো. নকিব আকরাম বলেন, মামলার তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
