গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, ‘বিএনপি রাজনৈতিকভাবে এখন দেউলিয়া হয়ে গেছে, তাদের আন্দোলনে সরকার ভীত নয়। আওয়ামী লীগ অনেক পুরোনো দল। তাই আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। বিএনপি নেতারা যে সরকার পতন আন্দোলনের হুমকি দিচ্ছে এটা রাজনৈতিক দেউলিয়াপনা ছাড়া আর কিছুই না।’ গতকাল শুক্রবার সকালে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
গণপূর্ত মন্ত্রী আরো বলেন, ‘খালেদা জিয়া দুর্নীতির দায়ে কারাদণ্ডপ্রাপ্ত হয়েছেন। এই দুর্নীতির দায় থেকে সরকার তাকে মুক্ত করে দেবে একথা ভাবা যেমন আহাম্মকি, সেটা আইনেরও পরিপন্থি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আইনের শাসনে বিশ্বাস করে। ফলে কোনোভাবেই কোনো দুর্নীতিবাজ বা দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত ব্যক্তিকে সরকারের সাহায্য করার প্রশ্নই ওঠে না।’ তাছাড়া বিষয়টি সর্বোচ্চ আদালতের বিবেচনা উল্লেখ করে তিনি বলেন, ‘খালেদা জিয়ার জামিন দেওয়ার ব্যাপারে উপযুক্ত কারণ না পাওয়ায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে।’
এ সময় গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শাহাদাত হোসেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলে উদ্দিন আহম্মদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শঙ্কর কুমার মালো, উপ বিভাগীয় প্রকৌশলী আবু হায়াত মোহাম্মদ শাকিউল আজম, উপ সহকারী প্রকৌশলী মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
