মুজিববর্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহের লক্ষ্যে পূর্ব প্রস্তুতি হিসেবে ১০০ দিনের বিশেষ কর্মসূচি চলছে মানিকগঞ্জ পল্লী বিদ্যুত্ সমিতির সিঙ্গাইর জোনাল অফিসে। হয়রানিমুক্তভাবে শতভাগ বিদ্যুত্ সংযোগ প্রদান, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, ‘আমার গ্রাম-আমার শহর’ বিনির্মাণে নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহ নিশ্চিত করার জন্য গত ২৩ নভেম্বর, ২০১৯ থেকে শুরু হয়ে আগামী ১২ মার্চ, ২০২০ পর্যন্ত এই ১০০ দিনের কর্মসূচিতে বৈদ্যুতিক লাইনের সক্ষমতা বৃদ্ধি, সম্ভাব্য ত্রুটিসমূহ চিহ্নিতকরণ, মেরামত ও রক্ষণাবেক্ষণ, মিটার, ট্রান্সফরমার, গ্রাউন্ডিং যাচাই, লাইনের পার্শ্ববর্তী গাছের ডালপালা পরিষ্কার, বিদ্যুত্ সাশ্রয়, নিরাপদ বিদ্যুত্ ব্যবহারে গ্রাহকগণকে উদ্বুদ্ধকরণ, আলোর ফেরিওয়ালার মাধ্যমে তাত্ক্ষণিকভাবে অভিযোগ নিরসন, গ্রাহক সেবায় উঠান বৈঠক বাস্তবায়ন করাসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
পল্লী বিদ্যুত্ সিঙ্গাইর জোনাল অফিসের ডিজিএম মো. মাহবুবুর রহমান জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ‘মুজিববর্ষকে যথাযোগ্য মর্যাদায় পল্লী বিদ্যুতের ‘সেবা বর্ষ’ হিসেবে বর্ণাঢ্যভাবে পালনের পূর্ব প্রস্তুতি হিসেবে শতভাগ বিদ্যুতায়ন ও নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহের জন্য এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
