মানিকগঞ্জে বিজয় মেলা উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ০০:০০

 ‘মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ্বীবিত হোক আজকের প্রজন্ম’ এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা। শুক্রবার বিকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক স্বপন এমপি।

এসময় জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, মেলা কমিটির চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, মেলার সদস্য সচিব জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফটো, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার তোবারক হোসেন লুডু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌর মেয়র মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, কাজী এনায়েত হোসেন টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্মত্যাগেই আমরা স্বাধীনতা পেয়েছি। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণে সার্বিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত দেশকে অস্থিতিশীল করতে নানাভাবে পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। তাদেরকে শক্তহাতে প্রতিহত করতে হবে।

প্রতিদিন মেলা মঞ্চে মুক্তিযুদ্ধের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালার আয়োজন থাকবে, থাকবে  বিভিন্ন প্রতিযোগিতা। মেলায় সার্কাস, পুতুলনাচসহ দুই শতাধিক স্টল রয়েছে।