যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চার বাঙালি নারী—জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক টানা তৃতীয়বার এবং রূপা হক, রুশনারা আলী পুনরায় ও আফসানা বেগম প্রথম বারের মতো বিজয়ী হওয়ায় তাদের অভিনন্দন জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বিজয়ী এই চার বাঙালি নারীকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দলের পক্ষ থেকে এক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক টানা তৃতীয় বারের মতো নির্বাচিত হওয়ায় এবং বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক, রুশনারা আলী পুনরায় বিজয়ী হওয়ায় ও আরেক বাঙালি নারী প্রথমবারের মতো বিজয়ী হওয়ায় বিশ্বসভায় বাঙালি জাতির ভাবমূর্তি ও মর্যাদা আরো সমুজ্জ্বল হয়েছে। তাদের এই জয়যাত্রা বাঙালি জাতির গৌরব ও মর্যাদাকে অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে। এ বিজয় পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত বাঙালিদের মধ্যে এক নবতর জাগরণের সৃষ্টি করেছে।
ওবায়দুল কাদের বলেন, যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে চার বাঙালি নারীর ঐতিহাসিক এ বিজয় বাংলাদেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক কার্যক্রমে নারীর অংশগ্রহণকে আরো ত্বরান্বিত এবং শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও প্রগতি প্রতিষ্ঠায় নারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে সুনিশ্চিত করবে।
‘রাজনীতি মানে বেচা-কেনা নয়’
এদিকে গতকাল শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রাজনীতি মানে বেচা-কেনা নয়। রাজনীতিতে ত্যাগ স্বীকার করতে হয়। নিজের পকেট ভারি করার জন্য রাজনীতি নয়। বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করতে হবে। ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ বক্তব্য রাখেন।
