বাংলাবান্ধা দিয়ে দুটি বাস গেছে সিকিমে

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ২১:১০

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতের দার্জিলিং হয়ে সিকিমের উদ্দেশ্যে গিয়েছে বিআরটিসির দুটি বাস। শুক্রবার বিআরটিসির বিলাসবহুল বাস দুটি বাংলাবান্ধা স্থলবন্দরের কাস্টমস ও ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করে ভারতের ফুলবাড়ি হয়ে শিলিগুড়ি রওয়ানা হয়।

গত বৃহস্পতিবার রাজধানী ঢাকার কমলাপুর থেকে বাস দুটি ভারতের সিকিমের উদ্দেশ্যে ছেড়ে আসে। আর এর মধ্য দিয়ে রাজধানী ঢাকা থেকে ভারতের দার্জিলিং হয়ে সিকিম সরাসরি বিআরটিসি বাস সার্ভিসের পরীক্ষামূলক যাত্রা শুরু হলো। বাংলাদেশ সড়ক ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব চন্দন কুমার দে জানান, ঢাকা সিকিম ও দার্জিলিং রুটের বর্তমান অবস্থা, পর্যটক সুবিধা ও নিয়মিত বাস চলাচলের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য এই পরীক্ষামূলক যাত্রা। পরীক্ষামূলক বাস চলাচলের পর ঢাকা থেকে দার্জিলিং হয়ে সিকিম রুটে শিগগিরই নিয়মিত বাস চলাচল করবে।

পরীক্ষামূলক দুটি বাসে মোট ৪১ জন যাত্রী রয়েছেন। বাংলাদেশ সড়ক ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব চন্দন কুমার দে এবং বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন চেয়ারম্যান এহছানে এলাহী পরীক্ষামূলক বাস যাত্রার নেতৃত্ব দিচ্ছেন। বাসে শ্যামলী এনআর ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক শুভংকর ঘোষ রাকেশসহ বাংলাদেশ সড়ক ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা, বিআরটিসির কর্মকর্তা এবং সাধারণ যাত্রীও রয়েছেন। আগামী ১৭ ডিসেম্বর আবার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ফিরবে বাস দুটি।