তাড়াশ-রাণীহাট সড়ক
তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের তাড়াশ-রাণীহাট আঞ্চলিক সড়কের বেরখালি নামক স্থানে ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময়ে গুরুত্বপূর্ণ এ ব্রিজটির ছাদ ও রেলিং ভেঙে পড়ে।
সরেজমিনে শনিবার দুপুরে দেখা গেছে, ঐ ব্রিজটির দুই পাশের রেলিংয়ের মধ্যের অংশ ও ছাদ ভেঙে প্রায় এক ফুট নিচু হয়ে গেছে। মোটরসাইকেল, সাইকেল, ভ্যান ও সাধারণ মানুষ কোনোমতে যাতায়াত করতে পারলেও হালকা ও ভারি যানবাহনগুলোর একটিও ব্রিজ দিয়ে চলাচল করতে পারছে না।
এ প্রসঙ্গে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম পি কে বলেন, ‘শিগগির ভাঙা ব্রিজের স্থলে একটি বেইলি ব্রিজ নির্মাণ করে সব রকমের যানবাহন চলাচল নিশ্চিত করা হবে।’
