নেত্রকোনা-ময়মনসিংহ রুট
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা-ময়মনসিংহ রুটে বিআরটিসির বন্ধ হয়ে যাওয়া বাস চালুর দাবিতে শনিবার নেত্রকোনা পৌরসভা সড়কে মানববন্ধন করেছেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে অবিলম্বে পুনরায় বিআরটিসির বাস চালুর দাবি জানিয়ে বক্তব্য রাখেন, সুলতান মাহমুদ শার্লী, তানিম উসমান, সাফিন আহমেদ লিজন, ফাহিম জাহান মাহী এবং ইমতিয়াজ ইসলাম রামীম।
উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর বিআরটিসির ডাবলডেকার পাঁচটি বাস নেত্রকোনা-ময়মনসিংহ রুটে চালু হয়। কিন্তু চালুর কয়েক ঘণ্টার মধ্যে নেত্রকোনা ও ময়মনসিংহ মালিক সমিতির বাধার মুখে বাস চলাচল বন্ধ হয়ে যায়। বিআরটিসির বাস যাতে চলতে না পারে সেজন্য বাসমালিক সমিতি নেত্রকোনাসহ বৃহত্তর ময়মনসিংহের সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। পরে আলোচনার পর ধর্মঘট প্রত্যাহার করা হলেও বিআরটিসির বাস চলতে দেওয়া হচ্ছে না।
শনিবার নেত্রকোনা জেলা পরিবহন মালিক সমিতির সম্পাদক আরিফ খান বলেন, বিআরটিসির বাস চলাচলে নেত্রকোনায় কোনো বাধা প্রদান করা হয়নি। তবে তাদের সঙ্গে আলোচনা না করে বাস চালু করায় ময়মনসিংহে এই সমস্যার সৃষ্টি হয়।
