বাজারদর কম থাকায় খরচ উঠছে না!

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ২১:১১

দিনাজপুরে আমন কাটা শেষ পর্যায়ে

শুরু হয়নি সংগ্রহ অভিযান

মো. মতিউর রহমান, স্টাফ রিপোর্টার

এবারই প্রথম সরকারি আমন সংগ্রহ অভিযানে বিপুল পরিমাণ ধান ক্রয়ের ঘোষণায় কৃষকরা আশান্বিত হলেও আমন আবাদ করে লোকসান কাটিয়ে উঠতে পারেননি জেলা দিনাজপুরের কৃষকরা। বাজারে দাম না থাকায় ধান বিক্রি করে উত্পাদন খরচই তুলতে পারছেন না কৃষকরা। বিশেষ করে মোটা জাতের ধান আবাদ করে লোকসান গুণছেন কৃষকরা। চলতি আমন মৌসুমের ধান কর্তন প্রায় শেষের দিকে চলে আসলেও পুরোদমে আমন সংগ্রহ অভিযান শুরু করতে পারেনি খাদ্য বিভাগ।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঝলঝলি গ্রামের কৃষক নজরুল ইসলাম জানান, প্রতিবিঘা জমিতে ধান আবাদে লোকসান গুণতে হয়েছে গড়ে ২ হাজার টাকা।

একই উপজেলার দামাইক্ষেত্র গ্রামের কৃষক শাহজাহান বুলবুল জানান, সরকারের পক্ষ থেকে ধান কেনার ঘোষণায় আশান্বিত হয়েছিলেন তারা। কিন্তু বাজারে ধানের দাম নেই।

নশিপুর ফার্ম হাটে ধান ক্রেতা বিভাকর বসাক জানান, খাদ্য বিভাগ এখনো ধান সংগ্রহ অভিযান শুরু না করায় বাজারে ধানের সরবরাহ বেড়েছে। সেই তুলনায় ক্রেতা নেই। জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আশ্রাফুজ্জামান জানান, কয়েকটি উপজেলায় এ পর্যন্ত ৪ হাজার ৭০০ টন ধান ক্রয় করা হয়েছে। তিনি জানান, চাল সংগ্রহের জন্য আগামী রবিবার থেকে মিলমালিকদের সঙ্গে চুক্তি প্রক্রিয়া শুরু হবে।

দিনাজপুর জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি মোসাদ্দেক হুসেন জানান, সরকারের কাছে ধান সরবরাহ করবে সরাসরি কৃষকরা, আর চাল সরবরাহ করবে মিলমালিকরা। কিন্তু এখনো চাল সংগ্রহ শুরু হয়নি।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ তৌহিদুল ইকবাল জানান, জেলার ১৩টি উপজেলায় এবার ২ লাখ ৫৯ হাজার ৩৩ হেক্টর জমিতে আমন ধান আবাদ করা হয়েছে। এর মধ্যে ইতিমধ্যেই ৯০ শতাংশ ধান কেটে মাড়াই করেছে কৃষকরা। সরকারি আমন সংগ্রহ অভিযান পুরোপুরি শুরু হলেই কৃষকরা ধানের ন্যায্যমূল্য পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।