কলমাকান্দায় দলিল লেখকদের কর্মবিরতি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ২১:১১

জমির দাতা-গ্রহীতাদের দুর্ভোগ

কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা

কলমাকান্দার সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে দলিল লেখক সমিতির সদস্যরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে। দুই সপ্তাহব্যাপী কর্মবিরতির ফলে জমির দাতা-গ্রহীতারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। দলিল লেখক সমিতির সভাপতি আক্তার হোসেন ও সাধারণ সম্পাদক গোপাল তালুকদার বলেন, ‘সাব রেজিস্ট্রার রহমত উল্ল­াহ লতিফকে প্রত্যাহারসহ তার অনিয়ম-দুর্নীতির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে আমরা বৃহস্পতিবার বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছি। এতে ৪৫ জন সদস্যের স্বাক্ষর রয়েছে। তাকে প্রত্যাহার না করলে কোনো দলিল লেখক কাজ করবে না।’

এ বিষয়ে জানতে চাইলে রহমত উল্ল­াহ লতিফ বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি কলমাকান্দায় যোগদান করার পর থেকে এই কার্যালয়ে একটি অসাধু শক্তিশালী চক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় তারা আমার বিরুদ্ধে এমন অপবাদ রটিয়ে আমাকে হেয়প্রতিপন্ন করছেন।