সিংড়ায় অস্ত্রসহ আটক তিন

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ২১:১২

সিংড়া (নাটোর) সংবাদদাতা

নাটোরের সিংড়ায় র্যাব ও ডাকাতদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় আগ্নেয়াস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সদস্যকে আটক করেছে র্যাব-৫। শুক্রবার গভীর রাতে উপজেলার কৈগ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয় একটি বিদেশি রিভলবার, ৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র। শনিবার সকালে নাটোর র্যাব ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। অতিরিক্ত ডিআইজি ও র্যাব-৫-এর অধিনায়ক মাহফুজুর রহমান বিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা সিংড়া উপজেলার কৈগ্রাম এলাকায় এমদাদুল হক দুলালের বাড়িতে অবস্থান নেয়। এ সময় একদল ডাকাত তার বাড়িতে হানা দিলে র্যাব সদস্যরা প্রতিরোধ গড়ে তোলে। ডাকাতদের সঙ্গে র্যাবের গুলিবিনিময় হয়। পরে প্রতিরোধের মুখে পালানোর সময় র্যাব সদস্যরা ধাওয়া করে তিন ডাকাত সদস্যকে আটক করে। আটককৃতরা হলো: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার গোচন এলাকার সাইফুল ইসলাম, নওগাঁর ভবানীগাতি এলাকার মোহাম্মদ ইসলাম এবং সিংড়ার মালকুড় কারিকর পাড়ার বুলবুল। আহত হয় দুই র্যাব সদস্য। অন্য ডাকাত সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে।