গাজীপুর মুক্ত দিবস আজ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ২১:১৩

গাজীপুর প্রতিনিধি

আজ ১৫ ডিসেম্বর, গাজীপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে পাকহানাদার বাহিনীর কবল থেকে অকুতোভয় মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে গাজীপুর মুক্ত হয়েছিল। প্রতি বছরের এ দিনটি গাজীপুরবাসীর জন্য অত্যন্ত স্মরণীয় ও গর্বের দিন। ১৩-১৪ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা গাজীপুরে সেনানিবাসে সম্মিলিতভাবে আক্রমণ চালায়। এতে পাকহানাদার বাহিনী একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছিল। গাজীপুর এবং সমরাস্ত্র কারখানা ও রাজেন্দ্রপুর অর্ডিন্যান্স ডিপো থেকে পাকহানাদাররা ঢাকার পথে চান্দনা চৌরাস্তায় জড়ো হতে থাকে। এছাড়া দেশের উত্তরাঞ্চল অর্থাত্ ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও টাঙ্গাইল থেকে পাকহানাদাররা মিত্র ও কাদেরিয়া বাহিনীর আক্রমণে টিকতে না পেরে ঢাকার দিকে পিছু হটতে থাকে। পাকহানাদার বাহিনী পর্যুদস্ত হওয়ার ফলে মূলত ১৫ ডিসেম্বরই গাজীপুর মুক্ত হয়। প্রতিবছরই নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন ও শহিদদের স্মরণ করে গাজীপুরবাসী।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক বলেন, ১৫ ডিসেম্বর গাজীপুর মুক্ত হওয়ার বিষয়টি আনন্দের।