দ. আফ্রিকার কোচ হচ্ছেন বাউচার

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ২১:১৬

 

স্পোর্টস রিপোর্টার

মাঠে ও মাঠের বাইরে টালমাটাল অবস্থা সামলাতে গ্রায়েম স্মিথের পর এবার মার্ক বাউচারের স্মরণাপন্ন হলো—ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। গতকাল দিনের শেষভাগে সাবেক জাতীয় দলের উইকেটরক্ষক বাউচারকে কোচ হিসেবে ঘোষণা দেওয়া হয়। ২০২৩ সাল পর্যন্ত কাজ করবেন এই নতুন কোচ। ভারপ্রাপ্ত ক্রিকেট পরিচালক গ্রায়েম স্মিথ এই ঘোষণা দেন। জাতীয় দলের অন্তর্বর্তীকালীন ‘দল পরিচালক’ এনোক এনকোওয়ের সঙ্গে মিলেই কাজ করবেন বাউচার; এনকোয়ে এখন থেকে সহকারী কোচের দায়িত্ব পালন করবেন।

দুদিন আগেই দক্ষিণ আফ্রিকার ক্রিকেট সমস্যা সমাধানের জন্য সাবেক অধিনায়ক স্মিথকে ক্রিকেট পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কিছুদিন আগে এ প্রস্তাব একবার ফিরিয়ে দিলেও জাতীয় সংকটের বিবেচনায় দায়িত্ব নিয়েছেন স্মিথ। তার এই ভূমিকায় অন্যতম কাজ হবে পুরুষ জাতীয় দলের কোচিং স্ট্যাফ ঠিক করা।  এর মধ্যে এটাও গুঞ্জন আছে যে, দলে উপদেষ্টা হিসেবে ফিরে আসবেন সাবেক অধিনায়ক ও সাবেক জাতীয় দল কোচ গ্যারি কার্স্টেন। এছাড়া দক্ষিণ আফ্রিকার কিংবদন্তী অলরাউন্ডার জ্যাক ক্যালিস ব্যাটিং উপদেষ্টা হিসেবে যোগ দিতে পারেন বলে জানা গেছে। আর এই সকলকে সমন্বয়ের জন্য একটা বিশেষ কমিটি কাজ করছে।  মূলত বিশ্বকাপে ফলাফল বিপর্যয় ও ভারতের বিপক্ষে টেস্টে হোয়াইট ওয়াশ হওয়ার পর দক্ষিণ আফ্রিকার মাঠের ক্রিকেট নিয়ে দুশ্চিন্তা শুরু হয়। এর সঙ্গে দলটির প্রধান নির্বাহী দায়িত্ব ছেড়ে দিলে সংকট ঘনীভূত হয়।

শুধু জাতীয় দলে নয়, বিভিন্ন বয়সভিত্তিক দল ও ‘এ’ দলেও সাবেক জাতীয় এসব তারকার বিভিন্ন দায়িত্ব দেওয়া হচ্ছে। এরই মধ্যে অ্যাশওয়েল প্রিন্স ‘এ’ দলে কোনো একটা দায়িত্ব পালন করতে সম্মত হয়েছে। জানা গেছে যে, বাউচারের পাশাপাশি প্রিন্সও জাতীয় দলের নির্বাচক কমিটিতে থাকবেন।

মার্ক বাউচার ২০১৬ সাল থেকে টাইটান্স দলের কোচ হিসেবে কাজ করছেন। তার সময়েই এ দলটি একটি প্রথম শ্রেণির টুর্নামেন্ট, দুটি ওয়ানডে কাপ ও দুটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট জিতেছে।  ১৪৭টি টেস্ট, ২৯৫টি ওয়ানডে ও ২৫টি টি-টোয়েন্টি খেলেছেন জাতীয় দলের হয়ে এ উইকেটরক্ষক। কিন্তু চোখের একটা ইনজুরি তার ক্যারিয়ার শেষ করে দেয়। এরপর তিনি আর খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারটা প্রলম্বিত করতে পারেনি।