রানপাহাড়ে চাপা নিউজিল্যান্ড

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ২১:১৭

পার্থ টেস্ট

স্পোর্টস রিপোর্টার

পার্থের এই উইকেটে দিনের বেলাতেও ভুগেছিল ভারত। সেখানে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে বড়ো রান করে ফেলায় মনে হচ্ছিল উইকেট বদলে গেছে। কিন্তু নিউজিল্যান্ডের প্রথম ইনিংস ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের সংগ্রাম বলে দিচ্ছে গোলাপি বল এখানে আরো কঠিন হয়ে উঠেছে। আর এই অবস্থাতেই নিউজিল্যান্ডের মাথার ওপর রান পাহাড় চাপিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে অলআউট হয়েছিল ৪১৬ রানে। জবাবে নিউজিল্যান্ড স্টার্কের তোপে ১৬৬ রানে গুটিয়ে যায়। আর দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ৬ উইকেটে ১৬৭ রান তুলেছে। ইতিমধ্যে হাতে ৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়া ম্যাচে ৪১৭ রানে এগিয়ে আছে।  প্রথম ইনিংসে মাত্র ৭ রানের জন্য লাবুশানে একটা রেকর্ড মিস করেন। তিনি টানা তিনি ইনিংসে ১৫০ পার করার রেকর্ড করতে পারতেন। কিন্তু ২৪০ বলে ১৪৩ রান করে আউট হয়ে যান এই ব্যাটসম্যান। সঙ্গী হিড ৫৬ রান করে ফেরেন। এরপর দুই বোলারকে নিয়ে আরো বেশ খানিকদূর দলকে নিয়ে যান অধিনায়ক পেইন। প্যাট কামিন্স ৮৫ বল খেলে ২০ রান করেন। আর স্টার্ক দ্রুত ৩০ রান করেন। আর শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে পেইন ৩৯ রান করেন। জবাব দিতে নেমে ভয়াবহ বিপদে পড়ে নিউজিল্যান্ড। স্টার্ক ও হ্যাজেলউডের তোপে ১৬৬ রানে অলআউট হয় তারা। ৮০ রান করেন রস টেলর। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার টপ অর্ডারে দুই জন ফিফটি পেলেও ইনিংস খুব লম্বা করতে পারেননি কেউ। জো বার্নস ৫৩ রান করে আউট হন। লাবুশানে টানা চতুর্থ ইনিংসে ৫০ স্পর্শ করলেন। তিনি ঠিক ৫০ রান করেই আউট হয়েছেন। ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে অজিরা।